ইরানের প্রথম উপ-রাষ্ট্রপতি আরেফ জানিয়েছেন, সম্ভাব্য যেকোনো যুদ্ধ শুরু হলে তার সমাপ্তি নির্ধারণ করবে ইরান। সোমবার তেহরানে দেশের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
আরেফ বলেন, `আজ আমরা চাপিয়ে দেওয়া যুদ্ধ-পরবর্তী পরিস্থিতির মধ্যে আছি। এটি কোনো যুদ্ধবিরতি নয়, বরং গুলি ছোড়াছুড়ি সাময়িকভাবে বন্ধ আছে। তাই আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে, শত্রু যে কোনো মুহূর্তে আক্রমণ চালাতে পারে।'
তিনি আরও বলেন, ইরানের মূল কৌশল হলো আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। তবে অপর পক্ষ আসলেই আলোচনায় বিশ্বাস করে কি না, সেই প্রশ্নে শঙ্কা প্রকাশ করেন তিনি।
পশ্চিমা শক্তিগুলোর সমালোচনা করে আরেফ উল্লেখ করেন, তারা নিজেদের নীতি জোর করে অন্য দেশের ওপর চাপিয়ে দিতে চায়, অথচ ইরান তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে।
আরেফ বলেন, ‘এটাই হলো পশ্চিমাদের মানবাধিকার ও সভ্যতার নমুনা। আমরা যুদ্ধ চাই না। তবে আমাদের কৌশল স্পষ্ট—যদি তারা যুদ্ধ শুরু করে, তার ইতি ঘটাবে ইরানই।’
সূত্র: মেহের নিউজ এজেন্সি
আইসিউতে পরীমনির মেয়ে 