কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির ঘটনায় তারিকুল ইসলাম নামের এক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ জরিমানার রায় দিয়েছেন আদালত।
ঘটনার ৫ মাস পর মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মো. তাওহীদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা।
মামলার বাদী এলিজাবেথ হেলটন কিম্মেল একজন মার্কিন নাগরিক। স্বামীর চাকুরি সূত্রে তিনি কক্সবাজার শহরের জলিলের মোড় এলাকার শাহীন টাওয়ারে বসবাস করেন।
মামলার নথির বরাতে তাওহীদুল আনোয়ার বলেন, “মঙ্গলবার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রায় ঘোষণা করেন। এতে আসামির বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।”
রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, গত ১০ মার্চ সকালে মার্কিন নাগরিক এলিজাবেথ হেলটন কিম্মেল অপর এক নারী সঙ্গীকে নিয়ে প্রতিদিনের ন্যায় প্রাতঃভ্রমণে বের হয়ে শ্লীলতাহানির শিকার হন। এ ঘটনায় ওইদিন ভূক্তভোগী নারী বাদী হয়ে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।
পিপি তাওহীদুল আনোয়ার আরও বলেন, “মামলা দায়ের হওয়ার দুইদিন পর গত ১২ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে গত ১৮ মার্চ আদালত চার্জগঠন করেন। এরই ধারাবাহিকতায় গত ২১ মার্চ থেকে আদালত বিচারকাজ শুরু করেন।”
