নারায়ণগঞ্জে সড়ক মহাসড়কে দুর্ঘটনা রোধে বাস ও ট্রাক চালকদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বুধবার (২০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের বিভিন্ন গণপরিবহনের ৫৫ জন চালক ও হেলপারদের নিয়ে জেলা পরিষদের মিলনায়তনে গ্রীন এন্ড ক্লীন সিটি কর্মসূচির আওতায় জেলা প্রশাসন ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় চালকদের সড়কে গাড়ি চালানোর সময় করনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিবহণের মালিক ও চালকদের পক্ষ থেকেও নানা দাবি উত্থাপন করা হয়। চারদিনব্যাপী কর্মশালায় ২ শতাধিক চালক ও হেলপারকে সড়কে চলাচলের বিভিন্ন নিয়মের বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। পরে তাদের দক্ষতার ভিত্তিতে ডাটাবেইজে যুক্ত করা হবে। পাশাপাশি তাদের নির্দিষ্ট পোশাকেরও ব্যাবস্থা করা হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহম্মদ মশিউর রহমান, বিআরটিএ এর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক প্রকৌশলী মাহবুবুর রহমান।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে বাস চালক ও হেলপারদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি তাদের ডাটাবেজে যুক্ত করা হবে। পরবর্তীতে ট্রাক চালকদেরও প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। চালক ও হেলপারদের ডাটাবেইজে যুক্ত করা হবে। আশা করছি চালক হেলপারদের প্রশিক্ষণের মাধ্যমে সড়কের দূর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে।
তিনি আরো বলেন, ২০২৪ সালে দেশে সড়ক দূর্ঘটনায় ৮ হাজার ৫৪৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেক। চলতি বছরের জুলাই মাসে ৪১৮ জন নিহত হয়েছে সড়ক দূর্ঘটনায়। যারা নিহত হয়েছে তারা কারো না কারো স্বজন। এই দূর্ঘটনা কমানোর জন্য আমরা চেষ্টা করছি। তারই ভিত্তিতে আজ এই প্রশিক্ষণ কর্মসূচি।
