ভালো নেই বিনোদ কাম্বলি; বাড়িতেই চলছে চিকিৎসা

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৪:২৮ পিএম

ভারতের সাবেক তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলি ভালো নেই। তিনি ঠিকভাবে হাঁটতে পারছেন না। স্বাভাবিকভাবে কথাও বলতে পারছেন না। কাম্বলির জন্য প্রার্থনা করার আবেদন জানিয়েছেন তার ভাই বীরেন্দ্র। মূত্রনালির সংক্রমণে গত বছর ২১ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখনও সুস্থ না হওয়ায় বান্দ্রার বাড়িতেই চিকিৎসা চলছে কাম্বলির।

এক সাক্ষাৎকারে বীরেন্দ্র বলেছেন, ‘দাদা এখন বাড়িতে আছে। শারিরীক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল হলেও কথা বলতে সমস্যা হয়। সম্পূর্ণ সুস্থ হতে বেশ সময় লাগবে। তবে আমার দাদা চ্যাম্পিয়ন, সে আবার সুস্থ জীবনে ফিরে আসবেই। আশা করছি, কিছুদিন পর থেকে স্বাভাবিকভাবে হাঁটতে পারবে। হয়তো দৌড়তেও পারবে। দাদার উপর আমার বিশ্বাস আছে। আমার আশা, আপনারা সবাই আবার তাকে মাঠে দেখতে পাবেন।’

কাম্বলিকে হাসপাতালে ভর্তির কারণ নিয়ে বীরেন্দ্র বলেছেন, ‘১০ দিনের একটা রিহ্যাব ছিল। তার পুরো শরীর পরীক্ষা করা হয়েছে। মস্তিষ্কের স্ক্যান করা হয়েছে। মূত্রনালির সংক্রমণের পরীক্ষা হয়েছে। সব পরীক্ষার ফলাফলই আশানুরূপ হয়েছে। সমস্যা কমলেও তিনি নিজে ঠিকঠাক হাঁটতে পারছে না। চিকিৎসকেরা ফিজিওথেরাপির পরামর্শ দিয়েছেন। তার কথা বলাও ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। আপনাদের অনুরোধ করব, দাদার জন্য একটু প্রার্থনা করুন। তার পাশে থাকুন।’

বেপরোয়া জীবনযাপনের জন্য অকালেই ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল অসম্ভব প্রতিভাধর কাম্বলির। এরপরও তিনি জীবনযাপন পাল্টাননি। মদ্যপান করা তার অভ্যাসে পরিণত হয়েছিল। গত বছর ডিসেম্বরে কাম্বলিকে একটি অনুষ্ঠানে দেখে সবাই চমকে গিয়েছিল। প্রয়াত ক্রিকেট কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধ উদ্বোধনের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাম্বলির বাল্যবন্ধু শচীন টেন্ডুলকারও। দুজনের কথা হয়েছিল, কিন্তু কাম্বলি ভালো নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত