অপুষ্টিতে ভোগা কাম্বলির মস্তিষ্কে জটিলতা, কমেছে স্মৃতিশক্তি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৪ পিএম

একাধিক শারিরীক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার বিনোদ কাম্বলি। তার চিকিৎসক বিবেক দ্বিবেদী জানিয়েছেন, কাম্বলির মস্তিষ্কে কিছু সমস্যা আছে। তিনি অপুষ্টিতে ভূগছেন এবং তার স্মৃতিশক্তিও হ্রাস পাচ্ছে। তবে সব মিলিয়ে কাম্বলির শারীরিক অবস্থা উন্নতির দিকে।

মূত্রনালিতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাম্বলি। তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধছিল বলেও শোনা গিয়েছিল। বিবেক দ্বিবেদী বলেছেন, ‘কাম্বলিকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তখন তার শরীরে পুষ্টির অভাব ছিল। এখন তার পুষ্টির সঙ্গে প্রয়োজন ফিজিওথেরাপির। এই দুটি দিকে নজর রাখা হচ্ছে। তার স্মৃতিশক্তির ক্ষয় হয়েছে, মস্তিকে কিছু সমস্যা তৈরি হয়েছে। তবে সময়ের সঙ্গে তা ঠিক হয়ে যাবে। ১০০ শতাংশ না হলেও ৮০-৯০ শতাংশ স্মৃতিশক্তি ফিরে পাবেন।’

মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে কিনা জানার জন্য প্রয়োজন এমআরআই করা। তবে কাম্বলির জ্বর হওয়ায় সেটা সম্ভব হয়নি। বিবেক বলেন, ‘উনার মস্তিকে রক্ত জমাট বেঁধেছিল। তবে এটার জন্য কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই, ওষুধের মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। সুস্থ হওয়ার পর ভালোভাবে রিহ্যাব করাতে হবে। সেইসঙ্গে ফিজিওথেরাপি এবং পুষ্টিকর খাবার খেলে সুস্থ হয়ে উঠবেন।’

বেপরোয়া জীবনযাপনের জন্য ভীষণ প্রতিভাবান কাম্বলির আন্তর্জাতিক ক্যারিয়ার অল্পেই শেষ হয়ে গিয়েছিল। তিনি প্রচুর মদ্যপান করেন, যা তার জীবনে অনেক ধরনের সমস্যা নিয়ে এসেছিল। সেই কাম্বলি হাসপাতাল থেকে বড়দিনের আগে সমর্থকদের মদ খেতে বারণ করেছিলেন, ‘সামনেই বড়দিন এবং ইংরেজি নববর্ষ। জীবনটা উপভোগ কর, কিন্তু সব ভুলে নয়। মাতাল হয়ে যেও না। কারণ মা-বাবা সেটা পছন্দ করবে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত