সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় মো. আবু কাছির হাসান হিরা নামে এক অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম সালমা খাতুন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি মো. আবু কাছির হাসান হিরা রায়গঞ্জ উপজেলার মোজাফফরপুর (মজুপুর) গ্রামের বাসিন্দা। অপরদিকে, মামলার দ্বিতীয় আসামি মো. নুরনবীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে নির্দোষ ঘোষণা করে খালাস দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মাসুদুর রহমান রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আদালতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই রায় সমাজে নারী ও শিশু নির্যাতনকারীদের জন্য একটি কঠোর বার্তা দেবে।”
