সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার অভিযুক্তকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গ্রেপ্তার অভিযুক্তের নাম শাকের আহমদ (২৪)। তিনি জকিগঞ্জের মাইজগ্রামের বাসিন্দা। বুধবার (২০ আগস্ট) রাতে ঢাকার সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ২৬ জুলাই সকালে জকিগঞ্জের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী বন্ধুর সঙ্গে এলাকার একটি পরিত্যক্ত ব্রিক ফিল্ড এলাকায় বেড়াতে যায়। সেখানে অভিযুক্তরা ভুক্তভোগী ছাত্রী ও তার বন্ধুর ছবি তুলে। পরে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটিকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়। এতে মেয়েটি রাজি না হলে তার মুখ চেপে ধরে ব্রিক ফিল্ডের ভিতরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। এ ব্যাপারে ভিকটিম নিজে বাদী হয়ে ৫ জনকে আসামি করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে প্রচেষ্টা চালায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেট ও র্যাব-৪ ঢাকা যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত শাকেরকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
