ফিফা বিশ্বকাপের স্বেচ্ছাসেবী হতে চান? জানুন আবেদনের যোগ্যতা ও নিয়ম

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১০:০৪ এএম

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোকে বসতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের আসর। ১৬ ভেন্যুতে হবে মোট ১০৪ ম্যাচ। ৪৮ দলের এই আসর সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ দিতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ৬৫ হাজার স্বেচ্ছাসেবীর একজন হতে পারেন আপনিও।

ফিফার স্বেচ্ছাসেবী হতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। শুধু কিছু বেসিক যোগ্যতার প্রয়োজন হবে। বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর এবং ইংরেজি জানতে হবে। আর কাজ করতে হবে স্টেডিয়াম, অনুশীলন মাঠ, বিমানবন্দর, হোটেল এবং বিশ্বকাপ–সংশ্লিষ্ট আরও কিছু জায়গায়। মাঠ পরিচালনা, দর্শকদের সেবা, লজিস্টিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ তারা করবেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘স্বেচ্ছাসেবীরা ফিফা টুর্নামেন্টের হৃদয়, প্রাণ ও হাসি। তারা নিজেদের পরিচয়কে গর্বের সঙ্গে তুলে ধরতে পারে, টুর্নামেন্টের অন্তরালের দৃশ্য কাছ থেকে দেখার সুযোগ পায় এবং এমন সব স্মৃতি ও বন্ধুত্ব তৈরি করে, যা আজীবন থেকে যায়। একই সঙ্গে তারা ঐতিহাসিক আয়োজনকে সফল করতে সহায়তা করে। আমরা চাই আগ্রহী প্রার্থীরা ২০২৬ সালে আমাদের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বকে স্বাগত জানাক।’

বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চাইলে ফিফার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর। যাদের আবেদন গৃহীত হবে, তাদেরকে ‘ভলান্টিয়ার টিম ট্রাইআউটে’ অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে। আগামী অক্টোবরে এটি অনুষ্ঠিত হবে। চূড়ান্তভাবে বাছাই হওয়া প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে আগামী বছরের মার্চে।

কাজের ক্ষেত্র: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬ শহর।

কাজের সময়কাল: ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ (মোট ছয় সপ্তাহ)।

কাজের পালা: ৮ শিফট।

বয়স: ন্যূনতম ১৮ বছর হতে হবে।

ভাষাগত দক্ষতা: ইংরেজি জানা বাধ্যতামূলক। কানাডায় কাজের জন্য ফরাসি ভাষা এবং মেক্সিকোয় কাজের জন্য স্প্যানিশ ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই।

আবেদনের সময়সীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

আবেদনের জন্য ওয়েব এড্রেস: https://www.fifa.com/en/tournaments/mens/worldcup/canadamexicousa2026/volunteers

×
সর্বশেষ সর্বাধিক পঠিত