আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের হিসাব-নিকাশ চুকিয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান। বেলফাস্টে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের মধ্যে থাকা নিশ্চিত হলো আফগানদের।
এই জয়ের ফলে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে ২০২৭ সালের মূল পর্বে খেলা নিশ্চিত করল আফগানিস্তান। অন্যদিকে, র্যাঙ্কিংয়ের হিসাব-নিকাশে পিছিয়ে পড়ার কারণে টানা তৃতীয়বারের মতো বাছাইপর্বের কঠিন পরীক্ষায় নামতে হচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আইরিশরা ৪৬.৩ ওভারে ২০৬ রানে অলআউট হয়। স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিতে বড় ভূমিকা রাখেন আফগান স্পিনাররা। ১০ ওভারে মাত্র ৪৪ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন রশিদ খান। এছাড়া তরুণ লেগ স্পিনার গাজানফারও ২৯ রান দিয়ে নেন সমান ৩টি উইকেট। এক পর্যায়ে ১২৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা আয়ারল্যান্ড নবম উইকেটে ৭৬ রানের জুটি গড়ে দুইশ রান পার করে।
জবাবে রান তাড়ায় নেমে ওপেনার রহমানউল্লাহ গুরবাজের মারকুটে ৭৬ বলে ৭১ রানের চমৎকার ইনিংসে ভালোভাবেই এগোচ্ছিল আফগানিস্তান। পাঁচ ছক্কা ও দুই চারে সাজানো ছিল তার ইনিংসটি। তবে মাঝপথে হঠাৎ ব্যাটিং ধসের মুখে পড়ে আফগানরা। ১৫৪ রানে ৬ উইকেট এবং ১৭৬ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে দল।
ঠিক সেই সংকটময় মুহূর্তে দলের ত্রাতা হয়ে উইকেটে দাঁড়ান অভিজ্ঞ লেগ স্পিনার ও সহ-অধিনায়ক রশিদ। আট নম্বরে ব্যাটিংয়ে নেমে চার চারে ৪৩ বলে অপরাজিত ৩৭ রানের একটি দায়িত্বশীল ও মহামূল্যবান ইনিংস খেলেন তিনি। অষ্টম উইকেটে ইয়ামিন আহমাদজাইকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ৩১ রানের জুটি গড়ে ৩১ বল বাকি থাকতেই দলের জয় ও সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেন রশিদ। এই দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে টানা দ্বিতীয় ম্যাচেও ম্যাচ সেরার খেতাব পান তিনি।
এদিকে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ২০২৭ বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। দক্ষিণ আফ্রিকা র্যাঙ্কিংয়ে চারে থাকায় সরাসরি সুযোগ মিলেছে র্যাঙ্কিংয়ে নয়ে থাকা দলেরও, সেখানেই ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছে বাংলাদেশ।
৯১ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান বর্তমানে আট নম্বরে আছে। অন্যদিকে ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৩০ সেপ্টেম্বরের আগে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে খেললেও ক্যারিবিয়ানদের পক্ষে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে ওঠা আর সম্ভব নয়। ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া বাছাইপর্বের কঠিন লড়াই পার করেই তাদের মূল পর্বের টিকিট কাটতে হবে।
