প্রয়াত লিভারপুল তারকা দিয়োগো জটার নাম ভাঙিয়ে প্রতারণার ফাঁদ পেতেছে এক চক্র। diogojotafoundation.org নামের একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করে তারা জটা ও তাঁর পরিবারের ছবি ব্যবহার করে অনুদান চেয়েছিল। সেই ওয়েবসাইটে যুক্ত করা হয়েছিল লিভারপুল ফুটবল ক্লাব, ইউনিসেফ, আলিয়াঞ্জ ও পর্তুগিজ প্ল্যাটফর্ম অব ডেভেলপমেন্ট এনজিওর মতো প্রতিষ্ঠানের লোগো। এতে অনেকেই ভেবে নিয়েছিলেন, জটার পরিবার বা লিভারপুল ক্লাব এ উদ্যোগ নিয়েছে।
বাস্তবে ওই ভুয়া ফাউন্ডেশনটির সঙ্গে জটার পরিবার বা লিভারপুলের কোনো সম্পর্ক নেই। এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’। তাদের অনুসন্ধানে জানা গেছে, কয়েক দিনের মধ্যেই ওয়েবসাইটের মাধ্যমে ৬৪ হাজার ২৫০ ডলার হাতিয়ে নিয়েছে প্রতারকরা। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮ লাখ ৪০ হাজার টাকার মতো! ওয়েবসাইটে শুধু ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনুদান নেওয়ার ব্যবস্থা ছিল, যা ভুয়া স্কিমের অন্যতম লক্ষণ।
‘দ্য টেলিগ্রাফ’ আরও জানিয়েছে, ব্রিটিশ চ্যারিটি কমিশনে দাতব্য সংস্থা হিসেবে ফাউন্ডেশনটির কোনো নিবন্ধন নেই। বিষয়টি জানাজানি হতেই এক সতর্কবার্তায় লিভারপুল ক্লাব কর্তৃপক্ষ বলেছে, ‘প্রয়াত জটার নামে প্রতিষ্ঠিত কোনো ফাউন্ডেশনের সঙ্গে লিভারপুল বা খেলোয়াড়ের পরিবারের কোনো যোগসূত্র নেই। জটাকে স্মরণ করতে চাইলে আমাদের অফিশিয়াল স্টোর থেকে তাঁর নাম্বার–২০ জার্সি কিনুন। বিক্রির পুরো অর্থ যাবে ক্লাবের অফিসিয়াল ফাউন্ডেশনে।’
এর পাশাপাশি ফান্ডরেইজিং রেগুলেটরও সবাইকে সতর্ক থাকতে বলেছে। সংস্থাটি জানিয়েছে, কোনো দুর্ঘটনা বা কারও মৃত্যুর পর প্রায়ই অসাধু চক্র মানুষের সহানুভূতি কাজে লাগিয়ে ভুয়া তহবিল গড়ে তোলে। সেখান থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এখন পর্যন্ত প্রতারকদের কেউ গ্রেপ্তার হয়নি। উল্লেখ্য, গত ৩ জুলাই স্পেনের জামোরা প্রদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ২৭ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জটা।
হ্যারি কেইনের দ্রুততম হ্যাটট্রিকে বায়ার্নের দাপুটে জয়
ছাত্র আন্দোলনে সমর্থন দিয়ে বিপাকে জকোভিচ; ছাড়তে চান দেশ
মেসির শহরে বার্সেলোনার ম্যাচের বিরোধিতায় ২০ অধিনায়ক