ভিনিসিয়ুসকে তাহলে ছেড়েই দিচ্ছে রিয়াল মাদ্রিদ?

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০১:০৭ পিএম

দীর্ঘ সাত বছর ধরে রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠ মাতিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। জাতীয় দলের হয়ে ব্যর্থ এই তারকা রিয়ালের জার্সিতে গোলের পর গোল করেছেন। তবে এখন হয়তো ক্লাবের সঙ্গে তার সম্পর্কের ফাটল ধরেছে। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, সৌদি আরব থেকে উপযুক্ত প্রস্তাব আসলে এই ব্রাজিলিয়ান তারকা চলতি দলবদল মৌসুমেই ক্লাব ছাড়তে পারেন।

*দ্য অ্যাথলেটিক* জানিয়েছে, মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের চুক্তি নবায়ন নিয়েই ঝামেলার সূত্রপাত। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড নাকি কিলিয়ান এমবাপ্পের সমান বেতন দাবি করেছিলেন, যা মাদ্রিদ কর্তৃপক্ষ মেনে নেয়নি। এছাড়া ভিনিসিয়ুসের পারফরম্যান্স নিয়েও ক্লাবের ভেতরে অসন্তোষ আছে। সাম্প্রতিক সময়ে তার ফর্ম পড়তির দিকে। ক্লাবের পরবর্তী ম্যাচগুলোতে তাকে বেঞ্চে বসানো হতে পারে বলেও গুঞ্জন আছে।

এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, বর্তমান পারফরম্যান্সে ভিনিসিয়ুসের উচ্চ বেতন দাবি কতটা যৌক্তিক? ক্লাব সূত্র বলছে, সৌদি ক্লাবগুলো থেকে আসা ৪০ থেকে ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবগুলো নতুন করে বিবেচনা করছে রিয়াল কর্তৃপক্ষ। যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে বার্নাব্যুতে ভিনিসিয়ুসের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে রিয়ালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত লা লিগায় ২০৭ ম্যাচ খেলেছেন ভিনিসিয়ুস, গোল করেছেন ৬১টি। এর মধ্যে জিতেছেন ৩টি লা লিগা শিরোপা, ২টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ট্রফি এবং ২টি ক্লাব বিশ্বকাপ। তবে এই গৌরবোজ্জ্বল যাত্রা এখন থমকে যাওয়ার শঙ্কায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত