প্রবীণ সাংবাদিক ‘নয়া দিগন্ত’ পত্রিকার সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন (৮৩) ইন্তেকাল করেছেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩০ মে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ওই হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। তবে গত সপ্তাহে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে পুনরায় একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসকরা জানান, তার দেহে খনিজের ভারসাম্যহীনতা দেখা দিয়েছিল। সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো এক বা একাধিক খনিজের অতিরিক্ততা বা ঘাটতি ছিল। এ ছাড়া তিনি প্রস্রাবজনিত সমস্যা, শ্বাসকষ্ট এবং রক্তচাপের ওঠানামাসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
প্রবীণ এই সাংবাদিক নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
ব্যক্তিগত জীবনে আলমগীর মহিউদ্দিন দুই কন্যার পিতা। চার বছর আগে তার স্ত্রীও মারা যান।
প্রায় সাড়ে ছয় দশকের সাংবাদিকতা জীবনে জাতীয় ও রাজনৈতিক অনেক ঘটনা প্রবাহের সাক্ষী তিনি। দীর্ঘ পেশাগত জীবনে তিনি ডেইলি অবজারভার, এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি), দি ডন, নিউ নেশনসহ অনেক সংবাদ মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। নয়া দিগন্তের আগে তিনি নিউ নেশনের সম্পাদক ছিলেন।
