৭ উইকেটের হার দিয়ে শেষ হলো সোহানদের টপ এন্ড সিরিজ

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৬:২৩ পিএম

বাংলাদেশের এইচপি দল গতবার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে রানার্স আপ হয়েছিল। এবার 'এ' দল নামে অংশ নেয়া বাংলাদেশ দলটি লিগ পর্বই পেরোতে পারলো না। নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের কাছে ৭ উইকেটে হেরে গেছে আজ নুরুল হাসানের সোহানের নেতৃত্বাধীন দল। 

বড় ব্যবধানে জিতলে নেট রানরেটে প্রতিপক্ষদের পিছিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ওঠার একটা সুযোগ ছিল বাংলাদেশ 'এ' দলের। সে লক্ষ্যে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৭৫/৪ তোলে বাংলাদেশ ‘এ’। জিশান আলম ৩৮ বলে করেন দায়িত্বশীল ৫০ রান। আফিফ হোসেন খেলেন সবচেয়ে আক্রমণাত্মক ইনিংস—২৩ বলে ৪৯ রান, যার স্ট্রাইক রেট ছিল ২১৩-এর বেশি। ইয়াসির আলি যোগ করেন ১৫ বলে ২৫ রান।

জিসান আলম করেছেন ফিফটি। ছবি: এনটি ক্রিকেট

কিন্তু বাংলাদেশের বোলাররা একেবারেই সুবিধা করতে পারেননি। সাইফ হাসান তিন ওভারে ২৮ রান দিয়ে নেন ২ উইকেট। উইন্টারকে ফেরান মৃত্যুঞ্জয়। তবে বাকিরা ছিলেন অকার্যকর। হারভির সুনিয়ন্ত্রিত আগ্রাসনের সামনে তারা দিশেহারা হয়ে পড়েন। ইনিংসের শুরুতে জেক উইন্টারকে সঙ্গে নিয়ে ১২৩ রানের জুটি গড়েন হারভি। উইন্টার ধীরলয়ে ৩৫ রান করলেও অপর প্রান্তে বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান হারভি। উইন্টারকে মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে হাসান ক্যাচে পরিণত করলে কিছুটা চাপ আসে। এরপর হ্যারি নিলসেন (৩) ও টম ও’কনেল (৬)কে সাইফ হাসান দ্রুত বিদায় করলেও শেষ দিকে হ্যারি মানেন্টি ১৪ বলে ২৫ রানের ছোট ঝড়ে জয়ের পথ আরও সহজ করে দেন। ৯৮ থেকে চার মেরে একই সাথে সেঞ্চুরি আর জয় এনে দেন হারভি। তার ইনিংসে ছিল ১৪টি চার ও ১টি ছক্কা, স্ট্রাইক রেট প্রায় ১৯৩। ম্যাচ শেষ হয় ১১ বল হাতে রেখেই। 

৬ ম্যাচে ২ জয় নিয়েই আসর শেষ করতো হলো বাংলাদেশ 'এ' দলকে। মাহিদুল ইসলাম অংকনের নেতৃত্বে ভিন্ন একটি দল ২৮ আগস্ট থেকে দক্ষিণ অস্ট্রেলিয়ার সঙ্গে ৪ দিনের ম্যাচ খেলবে। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ 'এ'- ১৭৫/৪ (২০ ওভার) (জিসান ৫০, নাইম ১৫, সাইফ ১৫, আফিফ ৪৯*, ইয়াসির ২৫*)

অ্যাডিলেইড স্ট্রাইকার্স- ১৭৯/৩ (১৮.১ ওভার) (হারভে ১০০*, উইন্টার ৩৫, হ্যারি ২৫*, সাইফ ৩/২৮. মৃত্যুঞ্জয় ১/৩২)

ফলা:  অ্যাডিলেড স্ট্রাইকার্স ৭ উইকেটে জয়ী

×
সর্বশেষ সর্বাধিক পঠিত