বাংলাদেশের বিশ্বকাপ দলে ঝিলিক নিশি সুমাইয়া 

ক্র

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৯:৫৯ পিএম

নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার ঝিলিক, অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ-অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। তারা জায়গা নিয়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইশমা তানজিমের পরিবর্তে।

রুবাইয়া এর আগে বাংলাদেশকে টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করলেও ওয়ানডে অভিষেক এখনও হয়নি। ধারাবাহিক উন্নতির কারণে তিনি প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন। অন্যদিকে মাত্র ১৭ বছর বয়সী নিশিতা ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক করেছিলেন। সুমাইয়া, যিনি বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের সাবেক অধিনায়ক, গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ওয়ানডে খেলেছিলেন। দুর্দান্ত ঘরোয়া মৌসুমের পর বাংলাদেশ ইমার্জিং দলে ভালো পারফরম্যান্সের কারণে ফের সুযোগ পেয়েছেন তিনি।

বাংলাদেশ দল 

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ–অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপা, সোবহানা মুস্তারি, রিতু মনি, শর্না আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার।

বিসিবি নারী উইংয়ের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ মঞ্জুর বলেন, “রুবিয়া কঠোর পরিশ্রম করে জায়গা পেয়েছে। গত ছয় মাসে তার উন্নতি চোখে পড়ার মতো। তাকে আমরা রিজার্ভ কিপার ও ব্যাকআপ ওপেনার হিসেবে মূল্যবান সংযোজন মনে করছি।

নিশিতা এখনো তরুণ, কিন্তু তার বোলিংয়ে পরিণত ভাব আছে। সে ধারাবাহিক, চাপের মধ্যে শান্ত থাকে এবং বাঁহাতি ব্যাটারদের নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা তাকে এগিয়ে দিয়েছে।
সুমাইয়া কিছুদিন ধরেই জাতীয় দলে জায়গা পাওয়ার চেষ্টা করছে। টপ-অর্ডারে তার টেকনিক্যাল দক্ষতা, দীর্ঘ সময় উইকেটে থাকা এবং প্রয়োজনে রান তোলার ক্ষমতা আছে। পাশাপাশি ফিল্ডিংয়েও সে মানসম্পন্ন।”

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত