সাবিনা ইয়াসমিনকে নিয়ে ডকুফিল্ম

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৩:৪৭ পিএম

দেশের সংগীতাকাশের উজ্জ্বল নক্ষত্র সাবিনা ইয়াসমিনকে এবার ডকুফিল্ম নির্মাণ করলেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। ডকুফিল্মটির নাম দেওয়া হয়েছে জুঁইফুল: সাবিনা ইয়াসমিন’। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে নিয়ে ডকুফিল্মটির বিশেষ প্রদর্শনীতে অংশ নেন সাবিনা ইয়াসমিন। বিশেষ প্রদর্শনীর আগে চ্যানেল আই কার্যালয়ে এসে পৌঁছালে লালগালিচা সংবর্ধনাসহ ফুল দিয়ে শিল্পীকে শুভেচ্ছা জানান শাইখ সিরাজ। 

ডকুফিল্মটি দেখে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, অনুভূতি প্রকাশ করতে পারছি না। কীভাবে প্রকাশ করব বুঝতেও পারছি না। শাইখ সিরাজ ভাই আমাকে নিয়ে এমন সুন্দর এক ডকুফিল্ম নির্মাণ করেছেন, যা দেখে আমি অবাক হয়েছি। এতটা দারুণ আর গোছানো হবে আমি ভাবিনি।’ 

‘জুঁইফুল : সাবিনা ইয়াসমিন’-এ উঠে এসেছে ষাটের দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সাবিনা ইয়াসমিনের দীর্ঘ সংগীতযাত্রা, সংগ্রাম, সাফল্য এবং স্মৃতিময় গল্পগুলো। ডকুফিল্মটিতে শিল্পীর তিন ধাপে সাক্ষাৎকার নিয়েছেন শাইখ সিরাজ। সমান্তরাল সম্পাদনায় সাবিনা ইয়াসমিনের শিল্পীজীবনের গল্প, হাসি, আবেগ আর অজানা অনেক অধ্যায় ফুটে উঠেছে। 

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ডকুফিল্ম সম্পর্কে শাইখ সিরাজ বলেন, এই ডকুফিল্ম নির্মাণের আগে সবচেয়ে বেশি সময় দিতে হয়েছে গবেষণায়। আর শুটিং সম্পন্ন হওয়ার পর সময় ব্যয় হয়েছে সম্পাদনায়। ‘জুঁই ফুল’ : সাবিনা ইয়াসমিন ডকুফিল্মটি আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ২টা ৪০ মিনিটে প্রচার করবে চ্যানেল আই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত