প্রাণ বেরিয়ে যেত! ব্রঙ্কো টেস্টকে ‘সবচেয়ে খারাপ’ বললেন ডি ভিলিয়ার্স

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০২:১৮ পিএম

ভারতের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কঠোর হয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। এরই ধারাবাহিকতায় ‘ব্রঙ্কো টেস্ট’ যুক্ত করার আলোচনা চলছে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স সম্প্রতি ব্রঙ্কো টেস্ট নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন, এই টেস্ট দিতে গিয়ে তার অবস্থা খারাপ হয়ে যেত! তিনি এটাকে সবচেয়ে কঠিন ফিটনেস পরীক্ষা হিসেবে বর্ণনা করেছেন।

১৬ বছর বয়স থেকে এই টেস্টে অংশ নিয়েছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেছেন, ‘এটা সতীর্থদের কাছেই প্রথম শুনেছি, আমি জানতাম না ব্রঙ্কো টেস্ট কী। তারা তখন আমাকে বুঝিয়ে দিয়েছিল। দক্ষিণ আফ্রিকায় আমরা এটিকে “স্প্রিন্ট রিপিট এবিলিটি টেস্ট” বলি। এটা সবচেয়ে কষ্টকর টেস্টগুলোর একটি। শীতকালে প্রিটোরিয়া বা সুপারস্পোর্ট পার্কে, যেখানে অক্সিজেন কম থাকে, এই টেস্ট দিতে গিয়ে যেন প্রাণ বেরিয়ে যেত!’

ব্রঙ্কো টেস্ট মূলতঃ রাগবি এবং ফুটবল খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষায় ব্যবহার করা হয়। এই পরীক্ষায় পাঁচটি সেটে ২০ মিটার, ৪০ মিটার ও ৬০ মিটার দৌড়াতে হয়। মোট ১,২০০ মিটার। ভারতের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ অ্যাড্রিয়ান লে রু দলের ক্রিকেটারদের ফিটনেস যাচাই করার জন্য ইয়ো-ইয়ো টেস্ট এবং ২ কিমি টাইম ট্রায়ালের পাশাপাশি ব্রঙ্কো টেস্টকেও যুক্ত করার কথা ভাবছেন।

সাবেক ভারতীয় অফ-স্পিনার রবিচন্দ্রন আশ্বিনও সতর্ক করেছেন যে, হঠাৎ করে নতুন প্রশিক্ষণ পদ্ধতি প্রয়োগ করলে খেলোয়াড়রা সমস্যায় পড়তে পারে এবং ইনজুরির ঝুঁকি বাড়তে পারে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘প্রশিক্ষক বদলালে টেস্টিং পদ্ধতিও বদলায়। হঠাৎ এই পরিবর্তনে খেলোয়াড়রা অনেক সমস্যায় পড়ে। অনেক ক্ষেত্রে এটি ইনজুরির কারণও হতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত