পুলিশের গাড়িতে হামলা চালিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১১:৩৭ পিএম

গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। পরে ওই সন্ত্রাসীকে থানায় নেওয়ার পথে প্রকাশ্যে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ছিনিয়ে নেয় তার অন্য সহযোগীরা। এ সময় ওই সন্ত্রাসীর হাতে পুলিশের পড়ানো হাতকড়া ছিল। এ সময় হাতকড়াসহ পালিয়ে যায় সন্ত্রাসী।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর পৌরশহরের ব্যস্ততম বাসস্ট্যান্ড সংলগ্ন টেংরা সড়ক মোড় এলাকায় প্রকাশ্য এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের একাধিক সদস্য আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আটক হওয়া ওই সন্ত্রাসীর নাম সুমন শেখ (৪০)। সে বরমী ইউনিয়নের পাঠানটেক এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। সুমনের বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ এক ডজনের বেশি মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাওরাইদ ইউনিয়নের ত্রিমোহনী এলাকায় সন্ত্রাসী সুমন শেখ তার বলবল নিয়ে আছেন এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শ্রীপুর থানা পুলিশের আলাদা দুইটি টিম ওই এলাকায় অভিযান চালায়। সেখান থেকে গ্রেপ্তারের পর থানায় নিতে পুলিশ রওনা দেয়।

পরে শ্রীপুর বাসস্ট্যাণ্ডসংলগ্ন টেংরা সড়কমোড় এলাকায় পৌঁছালে বেশ কিছু মোটরসাইকেল নিয়ে সুমন শেখের অন্য সহযোগীরা পুলিশকে ব্যারিকেট দেয়। এ সময় সুমনের সহযোগীরা তাকে ছাড়িয়ে নিতে জুড়াজুড়ি শুরু করেন। সেখানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশকে পিটিয়ে আহত করে হাতকড়াসহ সন্ত্রাসী সুমনকে ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগীরা।

শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আবদুল বারিক জানান সন্ত্রাসীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তার (সন্ত্রাসীর) অন্য সহযোগীরা পুলিশের ওপর আচমকা হামলা চালায়। পরে পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আসামির হাতে পুলিশের পড়ানো হাতকড়া ছিল।

হামলায় পুলিশের বেশকজন সদস্য আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে। ওই সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা ডাকাতি অস্ত্রসহ বেশ কিছু মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত