'বায়ুদূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর'

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১২:১২ পিএম

বায়ুদূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর—বৃহস্পতিবার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই) ২০২৫ বার্ষিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একিউএলআই এর ২০২৫ সালের হালনাগাদ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশ। এখানকার ১৬ কোটি ৬৮ লাখ জনসংখ্যার সবাই এমন এলাকায় বসবাস করেন, যেখানে বস্তুকণা (পিএম ২.৫) দূষণের বার্ষিক গড় মাত্রা আন্তর্জাতিক ও জাতীয় মানদণ্ডের চেয়ে বেশি। এমনকি সবচেয়ে কম দূষিত শহর লালমনিরহাটেও বস্তুকণা দূষণের হার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিকা অনুযায়ী ৭ গুণ বেশি।

প্রতিবেদনে সবচেয়ে দূষিত বিভাগ হিসেবে চিহ্নিত করা হয়েছে ঢাকা ও চট্টগ্রামকে। যেখানে ডব্লিউএইচওর নির্দেশিকা অনুযায়ী পিএম ২.৫ কণার ঘনত্ব কমানো গেলে মানুষের আয়ু ৬ দশমিক ২ বছর বৃদ্ধি পেত বলে উল্লেখ করা হয়। আর বাংলাদেশের জাতীয় মানদণ্ড অনুযায়ী দূষণ নিয়ন্ত্রণ করা গেলে ঢাকা ও চট্টগ্রামের মানুষের আয়ু যথাক্রমে ৪ দশমিক ১ এবং ৩ দশমিক ৩ বছর বাড়তে পারত।

গাজীপুর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের মতো জেলাগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ। এখানে ডব্লিউএইচও মানদণ্ডে পৌঁছাতে পারলে গড় আয়ু বাড়বে সাড়ে ৬ বছরেরও বেশি।

বায়ুদূষণের পাশাপাশি ধূমপান মানুষের আয়ু গড়ে দুই বছর এবং শিশু ও মায়ের অপুষ্টি গড়ে ১ দশমিক ৪ বছর কমিয়ে দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত