রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো লাল কালারের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবিপ্রধান শফিকুল ইসলাম। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান ডিবিপ্রধান।
কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলাকারী লাল রঙের টি-শার্ট পরিহিত যুবক পুলিশের একজন কনস্টেবল। এমন দাবি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের।
শনিবার (৩০ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান লেখেন, ‘লালশার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল। তার নাম মিজানুর রহমান। বিপি নং - ৯৭১৭১৯৭২৪৩। সে ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে।’
এর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খাঁন বলেন, ‘লাল শার্টপড়া ব্যক্তি যাকে পিটাচ্ছে সে নুরুল হক নুর নয়, সে ছাত্রনেতা সম্রাট। লাল শার্ট পড়া ব্যক্তির উপর দায় চাপিয়ে নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নেই। সেনাবাহিনীর যারা নুরুল হক নুরের উপর হামলা করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এমনকি আমাদের কার্যালয়ে ঢুকে ও বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীদের রক্তাক্ত করেছে সেনাবাহিনী।’