নুরের ওপর আঘাত নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র: এ্যানি

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৬:৫৯ পিএম

নুরের ওপর আঘাতকে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নুরের ওপর আঘাত কারা করেছে? এটা খুঁজে বের করতে হবে। এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচনের বিরুদ্ধে।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ৫ আগস্টের পর ১ বছরের একটু বেশি হয়েছে। সকল রাজনৈতিক দল ঐক্যের জায়গায় খুব ভালোভাবে আছি? যে ঐক্য নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সেই জায়গায় আছি? আমি তো দেখি না। কারণটা কি, সমস্যাটা কোথায়?

তিনি বলেন, হাসিনার অত্যাচার দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশে স্বাভাবিক রাজনীতি ছিল না। সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে নাই। সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের গায়েবি মামলা দিয়ে হয়রানি করে মিথ্যা মামলা দিয়ে সাজার পর সাজা দিয়েছে।

তিনি আরও বলেন, ঐক্যের মধ্যে যদি বিন্দুমাত্র ফাটল সৃষ্টি হয়, সুযোগটা ফ্যাসিস্ট নেবে, ফ্যাসিস্ট দখল করবে। সুযোগটা নেবে ষড়যন্ত্রকারীরা, যারা দেশের শত্রু, যারা স্বাধীনতা-সার্বভৌমত্বের শত্রু। জুলাই আন্দোলনের যে প্রজন্ম, জুলাই আন্দোলনের যে রাজনৈতিক দল, সবাই মিলে যে ঐক্যের জায়গায় ছিলাম, সেই ঐক্য আবারও দৃঢ়ভাবে সৃষ্টি করে বাংলাদেশকে রক্ষা করতে হবে।

সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, হাফিজুর রহমান, আবুল হাশেম, হারুনুর রশিদ বেপারী ও সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত