টানা তিন জয়ে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল রিয়াল

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৯:৪৪ এএম

লা লিগায় দারুণ ফর্মে আছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে টানা তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট তুলে নিয়েছে জাবি আলোনসোর দল। এ জয়ে লা লিগার শীর্ষে অবস্থান করছে মাদ্রিদের ক্লাবটি।

ম্যাচের ১৮তম মিনিটে মায়োর্কার ফরোয়ার্ড ভেদাত মুরিকি হেড থেকে গোল করে স্বাগতিকদের চাপে ফেলে দেন। তবে দ্রুতই ম্যাচে ঘুরে দাঁড়ায় মাদ্রিদ। ৩৭তম মিনিটে আরদা গুলার হেডে সমতা ফেরান, যেখানে অ্যাসিস্ট দেন ডিন হুইসেন। এক মিনিট পরই (৩৮তম মিনিটে) ভিনিসিয়ুস জুনিয়রের বাঁ পায়ের শটে লিড নেয় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ।

লিগের প্রথম তিন ম্যাচে মাত্র এক গোল হজম করেছে শাবি আলোনসোর শিষ্যরা। প্রথম দুই ম্যাচে ক্লিনশিট রাখার পর এ ম্যাচে মাদ্রিদ হজম করে মৌসুমের প্রথম গোল। ইএসপিএনের দেওয়া তথ্যমতে, ক্লাবের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার তিন ম্যাচ শেষে মাত্র এক গোল খেয়েছে রিয়াল। সর্বশেষ এমন রেকর্ড হয়েছিল ১৯৫৪-৫৫ মৌসুমে হোসে ভিলালঙ্গার অধীনে।

তবে এর চেয়েও ভালো রেকর্ড ছিল ১৯৫৭-৫৮ মৌসুমে। সেবার লুইস কার্নিগলিয়ার অধীনে প্রথম তিন ম্যাচে কোনো গোল হজম করেনি মাদ্রিদ। আন্তর্জাতিক বিরতির পর রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে, ১৪ সেপ্টেম্বর রিয়ালে এরেনায়। এরপর চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে মার্সেইর মুখোমুখি হবে তারা, সান্তিয়াগো বার্নাব্যুতেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত