'সাইফের মতো দৃঢ়তা সবার ভেতর থাকে না'

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৭:২০ পিএম

এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার সময় নুরুল হাসানকে নিয়ে যতটা আলোচনা হয়েছিল, সাইফ হাসানকে ঘিরে ততটা হয়নি। তাই তাঁর অন্তর্ভুক্তিই ছিল দলের বড় চমক। প্রায় দুই বছর আন্তর্জাতিক অঙ্গন থেকে বাইরে থাকার পরও নির্বাচকেরা ভরসা রেখেছিলেন সাইফের বহুমুখী সামর্থ্যের ওপর। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই সেই আস্থার আংশিক প্রতিদান দিয়েছেন তিনি।

সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে সাইফ বল হাতে নেন দুই উইকেট, পরে ব্যাট হাতে খেলেন ১৯ বলে অপরাজিত ৩৬ রানের ঝড়ো ইনিংস। ম্যাচ শেষে তিনি কৃতজ্ঞতা জানান জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীনের প্রতি। দীর্ঘদিন তাঁর অধীনে অনুশীলন করেই নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছেন বলে জানান সাইফ।

আজ সিলেটে ঐচ্ছিক অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এসে সালাহউদ্দীন বলেন, “আমি আগেও বলেছি, কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলবেন না, আবার হুট করে নামিয়েও দেবেন না।”

দুই উইকেট ও ৩৬ রানের পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে ফিরেছেন সাইফ। ছবি: দেশ রূপান্তর

সাইফের আন্তর্জাতিক ক্যারিয়ারটা শুরু হয়েছিল টেস্ট দিয়ে। তাঁকে দীর্ঘ ফরম্যাটের জন্য উপযোগী ভেবেই দলে আনা হয়েছিল। তবে ছয় টেস্ট খেলে কোনো অর্ধশতক না পাওয়ায় ক্যারিয়ার থেমে যায় মাঝপথে। টি-টোয়েন্টিতেও শুরুর দিকে ব্যর্থতা ছিল স্পষ্ট—পাঁচ ম্যাচে তিনবার শূন্য রানে আউট। পরে ঘরোয়া ক্রিকেটে নিজের ব্যাটিং অর্ডার পাল্টে তিন-চার নম্বরে খেলা শুরু করেন এবং বল হাতেও দেন মনোযোগ।

২০২১ সালে জাতীয় দল থেকে বাদ পড়ার পর সাইফ কেবল এশিয়ান গেমসে সুযোগ পেয়েছিলেন। এবার আবার ফিরেছেন শক্ত মানসিকতা আর ধৈর্যের জোরে। সালাহউদ্দীনের চোখে এটাই সাইফের সবচেয়ে বড় অর্জন, যেকোনো মানুষই যখন পিছিয়ে যায়, সেখান থেকে সবাই বেরিয়ে আসতে পারে না। যেহেতু ওর একটা তকমা ছিল টেস্ট ক্রিকেটার, সেখান থেকে বেরিয়ে এসে যে দৃঢ়তা দেখিয়েছে, এটা সবার ভেতরে থাকে না। উন্নতি তো করে যেতেই হবে। কিন্তু তার চেষ্টা ছিল। এটা সে নিজেই করেছে। নিজেকে অন্য জায়গায় দেখতে চেয়েছে।''

নেদারল্যান্ডসের বিপক্ষে সফল প্রত্যাবর্তনের পর সামনে আরও উন্নতির সম্ভাবনা দেখছেন কোচ, “ফল আসছে, ভবিষ্যতে হয়তো আরও ভালো করবে।”

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত