গার্দিওলা বলেন, 'ভালোবাসি হাজারো-লাখো বিরক্তিকর পাস ভালোবাসি বল দখলে রাখতে'

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৭:৫১ পিএম

মৌসুমের শুরুটা এক জয় ও এক হারের মিশ্র অভিজ্ঞতা হলেও ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা নিশ্চিত, তার দল সঠিক দিকেই এগোচ্ছে। কারণ অনুশীলন থেকে ম্যাচ—সব জায়গায় তিনি এমন কিছু দেখছেন যা তার কাছে ভবিষ্যতের জন্য ইতিবাচক ইঙ্গিত।

গত মৌসুমে সিটির জন্য অপেক্ষা করেছিল হতাশা। প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান, চ্যাম্পিয়নস লিগ থেকে আগেভাগেই বিদায়, লিগ কাপ ও এফএ কাপেও ব্যর্থতা। সেই আক্ষেপ মেটাতে শীতকালীন ও গ্রীষ্মকালীন দলবদলে বড় বিনিয়োগ করেছে ক্লাব। তবে মৌসুমের শুরুতে এখনও স্থিতি খুঁজছে সিটি—জুভেন্টাস ও উলভসের বিপক্ষে জয়ের পর হেরে গেছে আল-হিলাল ও টটেনহ্যামের কাছে।

তবুও গার্দিওলার আত্মবিশ্বাস অটুট। তার ভাষায়, “আমরা যেভাবে অনুশীলন করছি, প্রতিযোগিতায় নামছি—অনেক কিছু ঠিক করতে হবে, কিন্তু আমি এমন কিছু বিষয় দেখছি যা আমি সত্যিই পছন্দ করি। এগুলোই আমাকে আত্মবিশ্বাসী করছে।”

কিন্তু সিটির খেলার ধরনে কি বদল এসেছে? এ প্রশ্নে গার্দিওলার উত্তর স্পষ্ট: “আমি কখনোই আমার ফুটবলের বিশ্বাস বদলাবো না। হ্যাঁ, প্রতিপক্ষ যদি হাই প্রেসিং করে আর আমরা প্রথম চাপ ভেঙে যাই, তখন দ্রুত আক্রমণ করতে চাই। কিন্তু এরপর? আমি ভালোবাসি হাজারো, লাখো বিরক্তিকর পাস। আমি ভালোবাসি বল দখলে রাখতে, খেলোয়াড়দের দিয়ে বারবার পাস করাতে। সেটাই আমার দল।”

তার মতে, কৌশল নির্ভর করে প্রতিপক্ষ কীভাবে খেলছে তার ওপর। “আমাদের আক্রমণ কীভাবে হবে, সেটা ঠিক করার আগে আমি দেখি প্রতিপক্ষ কিভাবে রক্ষা করছে। তারপর ঠিক করি আমরা কোনভাবে আক্রমণ গড়বো।”

গার্দিওলার দৃষ্টিতে মৌসুম এখনো শুরুর পথে, ভুল হওয়াটা স্বাভাবিক। তবে যে নীতিতে তিনি এতটা বিশ্বাসী—বল দখল, অসংখ্য পাস, আর সেখান থেকে আক্রমণ গড়া—সেটিই তাকে আত্মবিশ্বাস জোগাচ্ছে।

এ কারণেই তিনি মনে করেন, মৌসুমের শেষ দিকে সিটি আবারও ধারাবাহিকতায় ফিরবে, আর সেই দর্শনের ওপর ভরসা করেই আসবে সাফল্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত