ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের রংরায়েরকান্দি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী বক্কার শেখ (৪৩) কে আটক করেছে।
নিহত মর্জিনা ফরিদপুর কোতোয়ালী থানার ফুরসা গ্রামে মৃত মোচন মোল্লার মেয়ে এবং তিনি ৩ মেয়ে ও ১ ছেলের জননী।
নিহত মর্জিনার স্বজন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোর রাতে মর্জিনা ও বক্কারের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। পরে বক্কার ঘর থেকে বের হয়ে গেলে তার স্ত্রী ঘরের দরজা আটকিয়ে দেয়। এ সময় বক্কার বাইরে থেকে টিনের বেড়া ভেঙ্গে ঘরে ঢুকে বটির আছারি দিয়ে মর্জিনার মাথায় আঘাত করে। অনেকবার আঘাত করার ফলে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলে মারা যায় মর্জিনা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বক্কারকে আটক করে।
এ ব্যাপারে সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে বটির আছারি দিয়ে স্ত্রী মর্জিনাকে হত্যা করে স্বামী বক্কার শেখ। খবর পাওয়া মাত্রই বক্কারকে আটক করা হয়। এদিকে মর্জিনার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জয়কে নিয়ে শাকিবের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন অপু
দক্ষিণখানে সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত