নড়াইলে সওজ ডিপ্লোমা প্রকৌশলীদের অতিরিক্ত দায়িত্ব পালন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত অধিকার সংরক্ষণে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নির্ধারিত অফিস সময় শেষে অতিরিক্ত এক ঘণ্টা দায়িত্ব পালন করেছেন নড়াইল সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ ইতিবাচক কর্মসূচি পালন করেন।

এ সময় অফিসে উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. তরিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. বাদশা মিয়া, মো. হাবিবুর রহমান, মো. বিল্লাল হোসেনসহ অন্যরা।

উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত অধিকার সংরক্ষণে ৭ দফা দাবির প্রতি সমর্থন জানাতে আমরা নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত এক ঘণ্টা দায়িত্ব পালন করেছি। সাধারণত দাবি আদায়ে ধর্মঘট বা কর্মবিরতির মতো নেতিবাচক কর্মসূচি দেখা যায়, কিন্তু আমরা ইতিবাচক কর্মসূচি পালন করেছি।”

৭ দফা দাবির মধ্যে রয়েছে :

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ সংরক্ষণ।

উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতি কোটা ৫০ শতাংশে উন্নীতকরণ।

একমুখী প্রকৌশল শিক্ষাব্যবস্থা চালু।

মেধার অপচয় রোধে প্রশাসনিক ক্যাডারের পরিবর্তে প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে প্রকৌশলীদের নিয়োগ।

প্রকৌশল কর্মক্ষেত্রে ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং পৃথককরণ; বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্কে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ডে নিয়োগ।

আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:৫ নির্ধারণ।

পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে ১:১২ অনুপাতে শিক্ষক নিয়োগ, কারিকুলাম আধুনিকায়ন ও ইংরেজি মাধ্যমে রূপান্তর।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ এবং মেধাবৃত্তি বৃদ্ধি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত