গণভোট দেন, জনগণ পিআর চাইলে সব দলকে মানতে হবে: জামায়াত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম

অন্তর্বর্তী সরকারের প্রতি গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, জনগণ যদি প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চায়, তাহলে সব রাজনৈতিক দলকেই তা মেনে নিতে হবে। আর যদি জনগণ না চায়, তারাও সে রায়ের প্রতি সম্মান দেখাবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের থ্রিডি হলে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। সরকার জামায়াতের কাছে পিআর বিষয়ে আইনি খসড়া চেয়েছিল, তারা মিটিং করে তার খসড়া তৈরি করেছে। পরওয়ারের দাবি, জামায়াত সংকট চায় না, বরং সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত।

পিআর পদ্ধতির সুবিধা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এই পদ্ধতি চালু হলে কালো টাকার প্রভাব ও পেশিশক্তির দাপট কমবে। ছোট রাজনৈতিক দলগুলোও সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবে। এমনকি যে দল ১ শতাংশ ভোট পাবে, তারাও তিনটি আসন পাবে। এতে একটি অংশগ্রহণমূলক, ভারসাম্যপূর্ণ ও প্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে।

তিনি অভিযোগ করেন, যারা চান সব ক্ষমতা নিজেদের হাতে রাখতে, তারাই পিআরের বিরোধিতা করছেন। অংশীদারিত্বমূলক সরকার গঠনের জন্য পিআর পদ্ধতি দরকার বলে মন্তব্য করেন তিনি।

গোলাম পরওয়ার স্পষ্ট করে বলেন, জামায়াত নির্বাচনে যাবে, তবে তার আগে পিআর পদ্ধতি নিশ্চিত করতে হবে। তিনি সতর্ক করে বলেন, সবাইকে বাদ দিয়ে পুরনো ধাঁচের নির্বাচন আয়োজনের চেষ্টা করলে দেশের মানুষ তা হতে দেবে না।

তিনি আরও বলেন, অনেক ত্যাগ ও কষ্টের বিনিময়ে এখন যে সংস্কারের সুযোগ এসেছে, দলীয় সরকার ফিরে এলে সেই সুযোগ নষ্ট হয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত