ডাকসুর ভিপি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রবিবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এই হামলাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতার ফল হিসেবে উল্লেখ করেন।
সাদিক কায়েমের অভিযোগ অনুযায়ী, রবিবার ভোররাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়িতে অবস্থিত তার গ্রামের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা পেট্রোলবোমা ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। ঘটনার সময় তার বাবা-মা বাড়িতে অবস্থান করছিলেন, তবে এলাকাবাসীর প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদাসীনতার কারণেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে।
তিনি অবিলম্বে হামলার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক জনতার আন্দোলনের নেতৃবৃন্দকে লক্ষ্য করে যেভাবে হামলা ও নাশকতার চেষ্টা চলছে, তা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং তাঁদের বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়বে।