ভাঙ্গায় সীমানা পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে সরিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধে নেমেছেন স্থানীয়রা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গার পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদ এলাকায় মহাসড়কের ওপর গাছ ফেলে অবরোধ করেন কয়েক হাজার মানুষ। 

এতে মহাসড়কে হাজার হাজার যানবাহন আটকে পড়ে, স্থবির হয়ে যায় যান চলাচল। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ভাঙ্গা হয়ে ২১ জেলার যাত্রীবাহী ও পণ্যবাহী যান চলাচল করায় এ অবরোধের প্রভাব পড়েছে বিস্তীর্ণ অঞ্চলে।

এলাকাবাসীর বরাতে জানা গেছে, বৃহস্পতিবার নির্বাচন কমিশন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের পুনঃনির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে। 

এতে ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের পর থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং তারা শুক্রবার সকাল থেকে মহাসড়ক অবরোধের ঘোষণা বাস্তবায়ন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোষিত সময় অনুযায়ী সকাল থেকেই পুকুরিয়া, সোয়াদি ও মনসুরাবাদে মহাসড়কের ওপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন কয়েক হাজার মানুষ। তারা ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার দুটি ইউনিয়ন বাদ না দিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তনের দাবি জানান।

অবরোধে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা রবিন, সুজন ও সোহেল বলেন, “আমাদের গ্রামকে আলাদা করে দেওয়ার ষড়যন্ত্র আমরা মেনে নেব না। আমাদের দাবি, আলগী ও হামিদী ইউনিয়নকে পুনরায় ভাঙ্গা উপজেলার আওতায় ফিরিয়ে আনতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলন হবে।”

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিদী বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ রুটের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ চলছে। প্রায় তিন ঘণ্টা ধরে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে ভাঙ্গা থানা ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের বোঝানোর চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত