নেপালকে সমপর্যায়ের মনে করছেন কাবরেরা

 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম

সিঙ্গাপুরের বিপক্ষে খেলা শেষ ম্যাচ থেকে শিক্ষা নিয়ে দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে আগামীকাল নেপালের বিপক্ষে দশরথ রঙ্গশালায় খেলতে নামবে বাংলাদেশ। লক্ষ্য অক্টোবরের হংকং ম্যাচে কীভাবে নিজেদের সেরাটা উপহার দেওয়া যায়, তার কৌশল বের করা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে  কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন এমনটাই।

কাবরেরা বলেন, ‘আমরা এখানে আসতে পেরে খুব খুশি। আমাদের দলের অর্ধেক খেলোয়াড় প্রায় ২০ দিন বাংলাদেশে অনুশীলন করেছে, বাকিরা এখানে আসার কয়েক দিন আগে যোগ দিয়েছে। আমরা খুবই উচ্ছ্বসিত। অনেকদিন ধরে আমরা নেপালের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করছিলাম। আমার মনে হয় দুটো দলই সমপর্যায়ের, একই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। নিজেদের যাচাই করার জন্য এটি দারুণ চ্যালেঞ্জ হবে। আমাদের দু’দেশের জন্যই। ম্যাচ দুটি নিয়ে আমরা খুবই ইতিবাচক ও রোমাঞ্চিত।

দলে প্রবাসী তারকারা না থাকলেও শক্তিতে পিছিয়ে নেই বলেই ভাবছেন কাবরেরা। বলেন, ‘হামজা নেই, শমিতও নেই, অনেকে অনূর্ধ্ব-২৩ এ আছে। তবে সত্যি বলতে, কয়েক মাস আগেও আমরা প্রায় একই দল নিয়ে উচ্চ পর্যায়ে খেলেছি। এই দলের ৯৫% খেলোয়াড়ই ছিল ২০২৩ সাফে। যেখানে আমরা দারুণ খেলেছি। এছাড়া লেবানন, ফিলিস্তিন, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় শতভাগ খেলোয়াড়ই তখন দলে ছিল। তাই আমরা শক্তিশালী দল এনেছি, দ্বিতীয় সারির দল নয়। এটি একটি পূর্ণাঙ্গ দল, শক্তিশালী দল। আমরা কঠিন প্রতিযোগিতা আশা করছি।’

দশরথে আন্তর্জাতিক ম্যাচ নিষিদ্ধ, তবুও এমন মাঠে জয়েই চোখ বাংলাদেশ কোচের। জানান, ‘আমাদের প্রত্যাশা একই—আমরা এখানে তিন পয়েন্টের জন্য এসেছি। আপনি যেকোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করতে পারেন, সবাই একই উত্তর দেবে। আমরা জিততে এসেছি, তবে একইসঙ্গে ভালো পারফরম্যান্স করতে এবং নিজেদের ও দর্শকদের দেখাতে যে আমরা উন্নতি করছি, বিশেষ করে আগামী মাসের জন্য। আগামী মাস আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত