অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে তেলিয়াপাড়াস্থ নিশান স্বাস্থ্য ও পরিবেশ সোসাইটি-এর চেয়ারম্যান মঈন উদ্দিন বেলাল ও কর্মকর্তা গোবিন্দ কৈরিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার তেলিয়াপাড়া এলাকায় সংগঠনের কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রায় কুড়ি বছর আগে মঈন উদ্দিন বেলাল ব্র্যাক এনজিওর চাকরি ছেড়ে শ্বশুরের জমিতে ‘নিশান স্বাস্থ্য ও পরিবেশ সোসাইটি’ নামে অফিস চালু করেন। কিছু কর্মী নিয়োগ দিয়ে তারা চা বাগানসহ বিভিন্ন এলাকায় প্রচার চালায়—প্রতি এক লাখে দুই হাজার টাকা মুনাফা দেওয়া হবে।
এই প্রলোভনে হবিগঞ্জের চা বাগানের শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় চার হাজার মানুষ দেড়শ কোটি টাকার বেশি জমা রাখেন। প্রথম দিকে নিয়মিত মুনাফা দিলেও গত তিন বছর ধরে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আসল টাকা ও মুনাফা ফেরত দেওয়া বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা।
ভুক্তভোগীদের অনেকে জানিয়েছেন, গরু-ছাগল ও জমি বিক্রি করে কষ্টার্জিত অর্থ নিশানে জমা করেছিলেন তারা। অনেকে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। সুরমা গ্রামের মানিক মিয়ার অভিযোগ—তার পিতা আরজু মিয়া টাকা ফেরত না পেয়ে দুঃখে মারা গেছেন।
এদিকে, প্রতিষ্ঠানের পরিচালক সায়েম ও সালমান পলাতক। তাদের মা আমেনা ও এমডি জালাল উদ্দিনও গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় চেয়ারম্যান বেলাল ও কর্মকর্তা গোবিন্দকে গ্রেপ্তার করা হয়েছে।
নারীদের ভোট পেতে অনেকে বিড়াল নিয়ে ছবি দিচ্ছেন: জাহেদ আহমদ
৩৮ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত বিদায় 