ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড ২০২৪

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ পিএম

বাংলাদেশের বিনোদন শিল্পকে আরও এগিয়ে নিতে এবং ওটিটি ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে শিল্পী, কনটেন্ট ও নির্মাতাদের স্বীকৃতি দিতে ইস্পাহানি গ্রুপ ও দ্য ডেইলি স্টার যৌথভাবে আয়োজন করে চলেছে ‘ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’। এবার বসেছিল এই জাঁকজমকপূর্ণ আয়োজনের চতুর্থ আসর। অনুষ্ঠানটি রবিবার (৭ সেপ্টেম্বর)  বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ অনুষ্ঠিত হয়।

বহুল প্রতীক্ষিত এই আয়োজনে শিল্পী, কনটেন্ট নির্মাতা ও নির্মাতাদের প্রতিভা ও সৃজনশীলতার উদযাপন হয়—যার বড় প্রভাব রয়েছে ওটিটি শিল্পে। বৈশ্বিক ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ছিল এর অফিসিয়াল এন্টারটেইনমেন্ট পার্টনার। এই প্লাটফর্মের মাধ্যমে অ্যাওয়ার্ড আয়োজন পৌঁছে গেছে লাখো মানুষের কাছে, আয়োজনের সঙ্গে সম্পৃক্ত করেছে দর্শকদের।

ব্লেন্ডারস চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড বিনোদন শিল্পের জন্য প্রেরণার বাতিঘর হিসেবে কাজ করছে, উৎকর্ষকে স্বীকৃতি দিচ্ছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মজুড়ে সৃজনশীলতাকে উৎসাহিত করছে। পূর্বের অভূতপূর্ব সফল ধারাবাহিকতায় এ বছরের আয়োজন আবারও প্রমাণ করেছে যে, এই আয়োজন বাংলাদেশের ডিজিটাল গল্প নির্মাতাদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করার শীর্ষ প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। আয়োজনে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, পরিচালক ইমাদ ইস্পাহানি, জাহিদা ইস্পাহানি ও ইস্পাহানি টি লিমিটেডের পরিচালক আখতার মাতিন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন তেহসিন চৌধুরী ইস্পাহানি । তারা বিজয়ীদের অভিনন্দন জানান এবং বাংলাদেশের বিনোদন খাত ভবিষ্যতে আরও উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে উপস্থাপক ও পারফর্মারদের অংশগ্রহণে। তারকাদের আগমনের সময় লালগালিচায় প্রিয়ন্তী উর্বি ও পার্থ শেখের অভ্যর্থনা বাড়তি মাত্রা যোগ করে। অনুষ্ঠানের প্রথম পর্ব সঞ্চালনা করেন নাজিবা বাসার ও ইরফান সাজ্জাদ এবং দ্বিতীয় পর্ব উপস্থাপনা করেন রাফসান সাবাব ও আফসান আরা বিন্দু।

চমকপ্রদ পরিবেশনায় মঞ্চ আলোকিত করে রেখেছিলেন তারকারা। পারসা ইভানা ও আলিফিয়া স্কোয়াডের নৃত্য পরিবেশনায় শুরু হওয়া জমকালো আয়োজন সবাইকে প্রাণবন্ত করে তোলে। এরপর মন্দিরা চক্রবর্তী ও সাবিলা নূর তাদের মনোমুগ্ধকর নৃত্যে মোহিত করেন দর্শকদের। সেইসঙ্গে ছিল জেফারের গান ও নাচ।

দর্শক প্রিয়, সমালোচক, সঙ্গীত ও স্বতন্ত্র—এই চারটি বিভাগে মোট ২৭টি ক্যাটাগরিতে পুরস্কার ও দুটি বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাংলাদেশের ডিজিটাল বিনোদনের সেরা এই মহোৎসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত