অগ্নিগর্ভ নেপাল থেকে জামালদের দ্রুত দেশে ফেরানোর চেষ্টা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ পিএম

হিমালয়কন্যা নেপাল হঠাৎ করেই অগ্নিগর্ভ। জেন-জি প্রজন্মের বিক্ষোভে উত্তাল রাজধানী কাঠমান্ডুসহ গোটা দেশ। এ যেন জুলাই বিপ্লবের পুনরাবৃত্তি। রক্তে লাল কাঠমান্ডুর রাজপথ। অরাজক পরিস্থিতিতে বিপাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলও। বাতিল হয়ে গেছে মঙ্গলবার নেপালের বিপক্ষে হতে যাওয়া প্রীতি ম্যাচ। এমন উত্তাল যেখানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা বিধানে হিমসিম খেতে হচ্ছে নেপাল পুলিশকে সেখানে দশরথ রঙ্গশালায় ম্যাচের নিরাপত্তা নিশ্চিত করা কার্যত অসম্ভব। তাই বাধ্য হয়েই ম্যাচটি বাতিল করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। পরিবর্তিত এই পরিস্থিতিতে ফুটবল দলকে নির্ধারিত সময়ের আগেই নিরাপদে দলকে দেশে ফিরে আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বুধবার বিকেল চারটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে জাতীয় দলের। খেলা যেহেতু হচ্ছে না, তাই কাঠমান্ডুর ক্রাউন ইম্পেরিয়াল হোটেলে অবস্থানরত বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান আগেভাগেই দেশে ফেরার ব্যবস্থা করার তাগিদ দেন বাফুফের শীর্ষ কর্তাদের। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান আমের খান, 'এখানে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা শুনলাম শক্ত নিরাপত্তা ভেঙে সংবাদ ভবনে ঢুকে পড়েছে। ম্যাচ দর্শকশূণ্য হলে তারা যে ঢুকতো না তার নিশ্চয়তা কে দেবে? এ কারণেই ম্যাচটা বাতিল করেছে আনফা। আর খেলা যখন হচ্ছে না, ঝুকি নিয়ে এখানে দলের থাকাও ঠিক হবে না। বিষয়টি বাফুফে সভাপতিতে জানিয়েছি। তিনি তড়িৎ বাফুফে অফিসকে ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। আমরা অপেক্ষায় আছি পুরো দলকে নিয়ে নিরাপদে দেশে ফেরার।'

এ ব্যাপারে কাঠমান্ডু থেকে দেশ রূপান্তর যোগাযোগ করেছিল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে। তিনি জানিয়েছেন, 'বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাঠমান্ডুর সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমাদের সকল সমর্থক ও ফুটবল পরিবারকে আশ্বস্ত করতে চাই, আমাদের দলের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষ, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। দল নিরাপদে রয়েছে এবং তারা বর্তমানে টিম হোটেলে সুরক্ষিত আছে। আমাদের সকল পদক্ষেপ ও প্রতিক্রিয়া গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।'

কাঠমান্ডুসহ সারা নেপালের পরিস্থিতিতে হুট করে খারাপ হয়ে যাওয়ার আগে অবশ্য দু'দলই মঙ্গলবারের ম্যাচ জয়ের আশাবাদ ব্যক্ত করেছিল। সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভুঁইয়া আরও উন্নত পারফরম্যান্সের অংগিকার করেছিলেন। আর নেপালের অজি কোচ ম্যাট রস জানিয়েছিলেন নেপালবাসীকে অনেক দিন পর ঘরের মাঠে একটি জয় উপহার দেওয়ার কথা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা ছিল নেপালের তারকা ফুটবলার ভারত খাওয়াজের। ম্যাচ বাতিলে ভেস্তে গেছে সেই আনুষ্ঠানিকতাও।

হোটেলে অবরুদ্ধ বাংলাদেশী ফুটবলারদের এখন শুধুই নিরাপদে দেশে ফেরার অপেক্ষা।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত