হাঙ্গেরির ডেব্রেসেনে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের রোমাঞ্চকর এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে ইসরায়েলকে হারিয়ে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ইতালি। নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার সান্দ্রো টোনালি ইনজুরি টাইমে দুর্দান্ত এক শটে গোল করে ইতালিকে ৫-৪ ব্যবধানের জয় উপহার দেন।
খেলার শুরু থেকেই দুই পক্ষ আক্রমণে ছিল। তাই জমজমাট হয়ে ওঠে ম্যাচ। ১৬ মিনিটে ম্যানুয়েল লোকাতেলির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইতালি। তবে বিরতির আগে মোইস কিন সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে ডর পেরেটজের গোলে আবার এগিয়ে যায় ইসরায়েল, কিন্তু দুই মিনিটের মধ্যেই কিন তার দ্বিতীয় গোল করে স্কোরলাইন সমান করেন।
এরপর মাত্তেও পলিতানো ও জিয়াকোমো রাসপাদোরি গোল করে ইতালিকে ৪-২ ব্যবধানে এগিয়ে দেন। কিন্তু ম্যাচের শেষ দিকে নাটকীয় মোড় নেয়। ৮৭ মিনিটে আলেস্সান্দ্রো বাস্তোনির আত্মঘাতী গোল ও ৮৯ মিনিটে পেরেটজের দ্বিতীয় গোলে স্কোর হয় ৪-৪। মনে হচ্ছিল ড্র নিয়েই মাঠ ছাড়বে দুই দল। কিন্তু যোগ করা সময়ে টোনালির নিচু শট প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে জালে জড়ালে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয় পায় আজ্জুরিরা।
গ্রুপ ‘আই’-তে এটি ইতালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়। কারণ নরওয়ে এরই মধ্যে টানা চার ম্যাচ জিতে শীর্ষে রয়েছে। সরাসরি বিশ্বকাপে খেলতে হলে গ্রুপসেরা হতে হবে ইতালিকে, নইলে অপেক্ষা করছে প্লে-অফের কঠিন পথ। ইতালি এর আগে টানা দুই আসরে (২০১৮ রাশিয়া ও ২০২২ কাতার) বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হয়েছিল। তবে ২০২১ সালে তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।
আগামী ১১ অক্টোবর এস্তোনিয়ার মাঠে নামবে ইতালি। এরপর ১৪ অক্টোবর ঘরের মাঠে আবারও মুখোমুখি হবে ইসরায়েলের, ১৩ নভেম্বর খেলবে মলদোভার বিপক্ষে। সর্বশেষে ১৬ নভেম্বর গ্রুপের সম্ভাব্য শিরোপা নির্ধারণী ম্যাচে নরওয়ের মোকাবিলা করবে আজ্জুরিরা।
৪০-০ গোলের অবিশ্বাস্য ব্যবধানে জিতলেন তহুরারা
রোনালদো ঘুমান সাড়ে ৯ ঘণ্টা, প্রতিদিন ১৭ হাজার স্টেপ হাঁটেন