আনন্দময় পরিবেশে ভোটগ্রহণ, শিক্ষার্থীর রায়ই চূড়ান্ত: আবু বাকের

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের পরিবেশকে আনন্দময় ও অংশগ্রহণমূলক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় কার্জন হল কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভোট প্রচার শুরু থেকে ভোটের দিন পর্যন্ত আমরা আনন্দময় পরিবেশ উপভোগ করেছি। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন। যাকেই তারা নেতৃত্বের জন্য বেছে নেবেন, সেটিই আমরা মেনে নেব। শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত।”

আবু বাকের আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নেতৃত্বে যোগ্য ব্যক্তিরাই আসবেন, এবং দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনকে ঘিরে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, তা বজায় রাখা জরুরি।

সকালে টিএসসি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের দীর্ঘ লাইন। শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে কেন্দ্রের ভিতরে প্রবেশ করছেন। মোবাইল ফোন ও ব্যাগ সঙ্গে নিয়ে প্রবেশ নিষিদ্ধ। প্রবেশপথে প্রার্থীদের প্রতিনিধিরা লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করছেন।

বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বিকেল ৪টার আগে লাইনে থাকা শিক্ষার্থীরাও ভোট দিতে পারবেন। ক্যাম্পাসজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত