শিগগিরই পরিচালনায় হৃতিক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

২০২৫ সাল রোশন পরিবারের জন্য বিশেষ বছর। নতুন বছরের শুরুতেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘দ্য রোশনস’ ডকুসিরিজ। সঙ্গে ২৫ বছর পর ফের বড়পর্দায় ফিরে এসেছে ‘কাহো না প্যায়ার হ্যায়’। এই সিনেমাটির মাধ্যমে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন হৃতিক রোশন। কয়েক দিন আগেই বলিউডের ‘গ্রিক গড’ পূর্ণ করলেন ক্যারিয়ারের রজতজয়ন্তী। চলতি বছরের আরেকটি বড় খবর হলো, বাবা রাকেশ রোশনের হাত থেকে পরিচালনার দায়িত্ব নিয়ে কৃষ-৪ বানাবেন হৃতিক রোশন নিজেই। এবার বাবা রাকেশ রোশন জানালেন সিনেমাটির গুরুত্বপূর্ণ আপডেট। তিনি স্পষ্ট করলেন, ‘চিত্রনাট্য নিয়ে বেশি সময় লাগেনি। আসল চাপ ছিল ছবির আকাশছোঁয়া বাজেট নিয়ে। এখন আমরা নির্দিষ্ট বাজেট বুঝে গেছি। এ কারণে শুটিং শুরু করতে কোনো বাধা নেই।’ 

রোশন পরিবারের পরিচিত শৃঙ্খলাকে তুলে ধরে রাকেশ আরও যোগ করলেন, ‘এই ছবির প্রি-প্রোডাকশনে অনেক সময় লাগছে। আগামী বছরের মাঝামাঝি থেকেই কৃষ-৪ সিনেমার শুটিং শুরু হবে। এ ছবির জন্য ব্যাপক প্রস্তুতির দরকার। তাই সবকিছু গুছিয়ে নেওয়া হচ্ছে।’ পরিচালক-প্রযোজকের অনুমান, ছবির শুটিং চলবে ২০২৬ সালের শেষ পর্যন্ত। আর মুক্তির লক্ষ্য ঠিক করা হয়েছে ২০২৭ সাল। 

‘কৃষ-৪’ হবে বক্স অফিস ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’ সিরিজের চতুর্থ অধ্যায়। বলিউডের এই সুপারহিরো এবার মার্ভেলের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামতে চলেছেন। শোনা যাচ্ছে, ‘কৃষ-৪’ সিনেমার মূল গল্প দানা বেঁধেছে টাইম ট্রাভেল নিয়েই। যেখানে কৃষ অতীত এবং ভবিষ্যতের টাইমলাইন ধরে ধরে পৌঁছে যাবে এক মারাত্মক শত্রুর মোকাবিলায়। নির্মাতাদের আশা, গল্পের মোড় এবং ভিজ্যুয়াল স্কেলের দিক থেকে এই ছবি দর্শককে মনে করাবে মার্ভেল সুপারহিরো ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজের অন্যতম দুই সেরা চলচ্চিত্র ‘ইনফিনিটি ওয়ার’, ‘এন্ডগেম’-এর মতো ব্লকবাস্টারদের সঙ্গে! কিন্তু অ্যাকশন আর ভিএফএক্সের ওপর যতই চড়া বাজি ধরা হোক না কেন, ছবির গল্পের পরতে পরতে কিন্তু থাকবে পারিবারিক আবেগ আর সম্পর্কের টানাপড়েন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত