শুবমানের ছেলেবেলার বন্ধু এখন এশিয়া কাপের প্রতিপক্ষ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ পিএম

আসন্ন এশিয়া কাপের ভারতের বিপক্ষে ম্যাচের আগে ছেলেবেলার বন্ধুকে নিয়ে আবেগাপ্লুত হলেন সংযুক্ত আরব আমিরাতের বাঁহাতি স্পিনার সিমরনজিৎ সিং। লুধিয়ানায় জন্ম নেওয়া এই ক্রিকেটার শৈশবে নেট প্র্যাকটিসে বল করেছিলেন ভারতের তারকা ব্যাটার শুবমান গিলকে। এখন সেই গিলের বিপক্ষেই তিনি মাঠে নামতে যাচ্ছেন।

৩৫ বছর বয়সী সিমরনজিৎ সাংবাদিকদের বলেন, ‘আমি শুবমানকে ছোটবেলা থেকেই চিনি। তবে জানি না, সে আমাকে মনে রেখেছে কিনা। ২০১১-১২ সালের দিকে আমরা পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের (পিসিএ) নেটে প্র্যাকটিস করতাম। শুবমান তখন ১১ বা ১২ বছরের ছিল। ওই সময় অনেকবার ওকে বোলিং করেছি। আমি অতিরিক্ত সময়েও অনেক বল করতাম।’

পাঞ্জাবে জেলা ক্রিকেট খেলার পাশাপাশি ২০১৭ সালে রঞ্জি ট্রফির সম্ভাব্য তালিকায়ও জায়গা পেয়েছিলেন সিমরনজিৎ। এমনকি কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমান পাঞ্জাব কিংস) নেট বোলার হিসেবেও কাজ করেছেন। কিন্তু জাতীয় দলে ডাক না পাওয়ায় স্বপ্ন অপূর্ণ থেকে যায়। কোভিড-১৯ মহামারিই তার জীবন বদলে দেয়। ২০২১ সালে দুবাইয়ে এসে ক্রিকেটে মনোযোগ দেন।

মরুর শহরটিতেই ক্লাব ক্রিকেট খেলা ও জুনিয়রদের কোচিং করিয়ে জীবিকা নির্বাহ করতেন সিমরনজিৎ। তিন মৌসুম ঘরোয়া ক্রিকেট খেলার পর সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন। এরপর তাকে জাতীয় দলে ডেকে নেন আমিরাতের ভারতীয় কোচ লালচাঁদ রাজপুত। দেশটির হয়ে ১২ টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৫ উইকেট নিয়েছেন সিমরনজিৎ।

দুবাইয়ে ধর্মীয় স্বাধীনতা নিয়েও সন্তুষ্ট এ ক্রিকেটার। তিনি বলেন, ‘আমার দাড়ি, কারা বা কৃপাণ নিয়ে কেউ প্রশ্ন তোলে না। এখানে ধর্মীয় স্বাধীনতা আছে, তাই এই দেশের হয়ে খেলতে পেরে গর্বিত।’ ভারতের বিপক্ষে ম্যাচে পরিবার কাকে সমর্থন করবে—এ প্রশ্নে মজা করে তিনি বলেন, ‘স্বপ্ন ছিল ভারতের হয়ে খেলার। কিন্তু এখন যেহেতু আমিরাতের হয়ে খেলছি, মনে হয় তারা আমিরাতকেই সমর্থন করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত