ক্রিকেটারদের কলা খাওয়ানোর খরচ ৩৫ লাখ! বিসিসিআইকে আদালতের নোটিশ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

ভারতের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব উত্তরাখণ্ডের (সিএইউ) বিরুদ্ধে সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগ উঠেছে। সংস্থাটি খেলোয়াড়দের জন্য কলা কেনার খাতেই ব্যয় দেখিয়েছে ৩৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪৬ লাখ ২০ হাজার টাকা প্রায়! এই অভিযোগে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) নোটিশ দিয়েছে উত্তরাখণ্ড হাইকোর্ট (এইচসি)।

সম্প্রতি দেরাদুনের বাসিন্দা সঞ্জয় রাওয়াতসহ কয়েকজন এ বিষয়ে আদালতে একাধিক রিট আবেদন করেছিলেন। তারা জানান, ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে বিস্তর অনিয়ম উঠে এসেছে। এর প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি মনোজ কুমার তিওয়ারির একক বেঞ্চ এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ভারতের রাজ্য ক্রিকেট সংস্থাগুলো বিসিসিআইয়ের অধীনস্থ।

নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়, সিএইউ টুর্নামেন্ট আয়োজনের জন্য সরকারি বরাদ্দ থেকে প্রায় ১২ কোটি রুপি খরচ দেখিয়েছে। এর মধ্যে শুধু ইভেন্ট ম্যানেজমেন্ট ফি বাবদ খরচ হয়েছে ৬.৪ কোটি রুপি। টুর্নামেন্ট ও ট্রায়াল খাতে ব্যয় দেখানো হয়েছে ২৬.৩ কোটি রুপি, যা আগের বছরের তুলনায় ৪ কোটি বেশি। আবেদনকারীদের অভিযোগ, খেলোয়াড়দের সুবিধা না দিয়ে খাবারের নামে কোটি কোটি রুপি আত্মসাৎ করা হয়েছে।

অভিযোগ আমলে নিয়ে ভারতের হাইকোর্ট বিসিসিআইকে নোটিশ পাঠিয়েছে। আগামী শুক্রবার এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে উত্তরাখন্ড প্রিমিয়ার লিগ আয়োজন নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে। টুর্নামেন্ট আয়োজনে একটি কম্পানিকেই টেন্ডার দেওয়া হয়। এই অভিযোগে ইতোমধ্যে সিএইউয়ের সাবেক সহ-সভাপতি সুরেন্দ্র ভান্ডারি মামলাও করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত