এমবাপ্পেকে বর্ণবাদী আক্রমণ করায় সমর্থক গ্রেফতার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ এএম

লা লিগায় রিয়াল ওভিয়েদোরের বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে উদ্দেশ্য করে বর্ণবাদী অঙ্গভঙ্গি করায় এক সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত ২৪ আগস্ট, ওভিয়েদোর কার্লোস তার্তিয়েরে স্টেডিয়ামে। গ্রেফতার হওয়া ব্যক্তি রিয়াল ওভিয়েদোরের সমর্থক বলে নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম।

ম্যাচের প্রথমার্ধের ৩৭তম মিনিটে গোল করার পর এমবাপ্পেকে লক্ষ্য করে দর্শকসারিতে বসা এক ব্যক্তি বানরের মতো অঙ্গভঙ্গি ও শব্দ করতে থাকেন। টেলিভিশন সম্প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে পুলিশ দ্রুত ওই সমর্থককে শনাক্ত করে। পরে তাকে আদালতে হাজির করা হয় এবং তার বিরুদ্ধে ‘ঘৃণা ছড়ানোর অপরাধ’ ও ‘নৈতিক অখণ্ডতার বিরুদ্ধে অপরাধ’-এর অভিযোগ আনা হয়েছে।

এসব ঘটনায় স্পেনের শীর্ষ লিগের পরিবেশ নিয়ে সমালোচনা বাড়ছে। স্পেনের আইন অনুযায়ী, এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি দেশটির খেলাধুলায় সহিংসতা, বর্ণবাদ, ভিনদেশীদের প্রতি বিদ্বেষ ও অসহিষ্ণুতার বিরুদ্ধে আইন অনুযায়ী ৬০ হাজার থেকে ৬ লাখ ৫০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা এবং দীর্ঘমেয়াদি স্টেডিয়াম প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে।

লা লিগায় এর আগেও ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রসহ একাধিক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়কে লক্ষ্য করে বর্ণবাদী আক্রমণের ঘটনা ঘটেছে। এমনকি অ্যাথলেটিক বিলবাওয়ের ইনাকি উইলিয়ামসকে উদ্দেশ্য করে বর্ণবাদী আচরণের ঘটনায় এক সমর্থককে জেলও খাটতে হয়েছিল। লা লিগা কর্তৃপক্ষ ‘জিরো টলারেন্স’ নীতির কথা বললেও মাঠে বর্ণবাদের পুনরাবৃত্তি থামছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত