১৩ ওভারের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ এএম

কার্ডিফে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আসল খেলাটা খেলল বৃষ্টি। ইনিংসের দৈর্ঘ্য কমতে কমতে নেমে এলো ৫ ওভারে! প্রোটিয়ারা ৭.৫ ওভার ব্যাট করলেও ইংল্যান্ড ৫ ওভারের বেশি সুযোগ পায়নি। এই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

দুই ঘণ্টার বেশি দেরিতে শুরু হওয়া ম্যাচটি প্রথমে ৯ ওভারে নামিয়ে আনা হয়। দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করতে নেমে ৭.৫ ওভার খেলে তোলে ৯৭ রান, তখনই আবার বৃষ্টি নামে এবং তাদের ইনিংস আর সম্পূর্ণ করা সম্ভব হয়নি। সর্বোচ্চ ২৮ রান আসে অধিনায়ক এডেন মার্করামের ব্যাট থেকে। এছাড়া ডিওয়াল্ড ব্রেভিস ১০ বলে ২৩ এবং ডোনোভান ফারেইরা ১১ বলে ২৫ রানের দুটি ঝড়ো ইনিংস উপহার দেন।

 ডিএলএস মেথডে ইংল্যান্ড সামনে টার্গেট দাঁড়ায় ৫ ওভারে ৬৯ রানের। লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতেই চাপে পড়ে যায়। ফিল সল্ট ও হ্যারি ব্রুক শূন্য রানে আউট হন। সাবেক অধিনায়ক জস বাটলার ১১ বলে ২৫ রান করলেও সঙ্গীদের ব্যর্থতায় দলকে জয়ের পথে নিতে পারেননি। ইংলিশদের পাঁচ ব্যাটার দুই অংকেই যেতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫৪/৫।

প্রোটিয়াদের পক্ষে কাগিসো রাবাদা ও মার্কো জানসেন দুর্দান্ত বোলিং করেন। রাবাদা ফিরিয়ে দেন সল্টকে, আর জানসেন নেন বাটলারের মূল্যবান উইকেট। ইংল্যান্ডের হয়ে একমাত্র বলার মতো পারফর্মেন্স করেছেন লুকি উড। বাঁহাতি এই পেসার তার অভিষেক ম্যাচে ২ উইকেট নেন, যদিও ২ ওভারে খরচ করেছেন ২২ রান! আগামী শুক্রবার ম্যানচেস্টারে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত