আসন পুনর্বিন্যাসে ভাঙ্গায় এবার রেলপথ অবরোধ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পিএম

ফরিদপুর সংসদীয় আসন-৪ পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় মহাসড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী। ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ভাঙ্গা উপজেলা কৈডুবি সদরদি এলাকায় রেলপথে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করছে তারা। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস নামে একটি ট্রেন মোকসেদপুর এলাকায় আটকা পড়ে।

ভাঙ্গা রেলওয়ে সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ছেড়ে আসলেও ২০ কিলোমিটার দূরে গোপালগঞ্জের মুকসুদপুরে একটি স্টেশনে আটকে রয়েছে৷ ট্রেনটি সকাল ৯টায় পৌঁছানোর কথা ছিল। এছাড়া সকাল ১০টায় ঢাকা থেকে রুপসী বাংলা নামে বেনাপলগামী আরেকটি ট্রেন বন্ধ রয়েছে। এতে তীব্র ভোগান্তির মুখে পড়েছেন খুলনাগামী যাত্রীরা।

ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার সাকিবুর রহমান আকন্দ বলেন, খবর পাওয়া মাত্রই বিশৃঙ্খলা এড়াতে আমরা ২০ কিলোমিটার দূরে যাত্রীবাহী ট্রেনটি বন্ধ করে দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই পথে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে বোঝাচ্ছি, কিন্তু কোন কথা শুনছেন না তারা।

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করেন। গেজেট অনুযায়ী ফরিদপুর-৪ এর অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পার্শ্ববর্তী ফরিদপুর-২ সংসদীয় আসনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এরপর থেকে ক্ষোভে ফুসে উঠে দুটি মহাসড়কসহ (ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল এবং ঢাকা ফরিদপুর) এক্সপ্রেসওয়ে অবরোধ শুরু করে এলাকাবাসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত