হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। দারুণ ফিফটি উপহার দিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অধিনায়ক লিটন কুমার দাস। তবে দুর্বল প্রতিপক্ষের দেওয়া ১৪৪ রানের টার্গেট তাড়া করতে একটু বেশিই সময় নিয়ে ফেলেছে বাংলাদেশ- এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। তাদেরই একজন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর।
রান তাড়ায় বাংলাদেশ ম্যাচ জিতেছে ১৭.৪ ওভারে। ওয়াসিম জাফরের মতে, ম্যাচটা ১৫-১৬ ওভারের মধ্যে জেতা উচিত ছিল। ক্রিকবাজের ম্যাচ পরবর্তী আলোচনায় তিনি বলেন, ‘আমার মনে হয় ১৫ কিংবা ১৬তম ওভারে খেলা শেষ করার মতো সুযোগ বাংলাদেশের কাছে ছিল। তারা সেটা চেষ্টা করতে পারত। লিটন এবং তাওহীদের মধ্যে লম্বা একটা জুটি হয়েছে। দেখুন, তাওহীদ হয়ত সমান কিংবা কাছাকাছি পরিমাণ বল খেলে ৩৫ রান করেছে। তাদের কাছে দুই ওভার আগেই শেষ করার মতো সুযোগ ছিল। কিন্তু তারা সেই সুযোগটা মিস করেছে।’
বাংলাদেশও সেইফ খেলার চেষ্টা করেছে বলে মনে করেন জাফর, ‘হংকংয়ের বোলাররা খুব বেশি গতিতে বোলিং করেনি। সাধারণত বড় দলগুলো এই গতির বল খেলে না। এখানে আপনাকে ১২০ কিংবা ১১৫ কি.মি গতির বল খেলতে হয়েছে। অনেক সময় এরকম বল খেলা কঠিন। আরেকটা ব্যাপার হচ্ছে, পাওয়ার প্লেতে তারা দুটি উইকেট হারায়। তারা হয়ত জয় এবং জোর করে রান রেট বাড়াতে গিয়ে যাতে হিতে বিপরীত না হয়ে যায় এটা নিশ্চিত করতে চেয়েছে। দেখে মনে হয়েছে খানিকটা সেইফ খেলার চেষ্টা করেছে।’
দুর্বল দলগুলোকে বড় দলগুলো সাধারণত ডমিনেট করে থাকে। চলতি আসরেই ওমানকে গুঁড়িয়ে দিয়েছে ভারত। কিন্তু খেলার ধরনের চেয়ে বাংলাদেশের বেশি মনোযোগ থাকে ম্যাচ জেতায়। জাফর বলেন, ‘আমরা ভয়ডরহীন ক্রিকেটের কথা বলছি। এমন দলের (হংকং) সাথে ভয়ে ভয়ে খেলা উচিত নয়। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, টুর্নামেন্টের শুরুতে আপনি সহযোগী দেশের সঙ্গে আপনি বিব্রতকর অবস্থায় পড়তে চাইবেন না। এজন্যই হয়ত রান রেটের কথা চিন্তা না করে জয়টা নিশ্চিত করেছে।’
শেষ বলে দুর্দান্ত ইয়র্কারে জয়ের নায়ক হোল্ডার
বিশ্বকাপ টিকিট: আয়োজকদের পরই সর্বোচ্চ চাহিদা আর্জেন্টিনার