ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ এবং ঐক্যবদ্ধ মুসলিম ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি। তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি বলেন, জাতিসংঘের কাছে আবেদন করে ফিলিস্তিনিদের মুক্তি আসবে না। এই অবৈধ রাষ্ট্র বিশ্ববাসীর সামনে একের পর এক অপরাধ করে চলেছে। এই শাসনব্যবস্থাকে মোকাবিলা করার একমাত্র পথ হলো শক্তিকে একত্রিত করে একে ধ্বংস করে দেওয়া।
আলী (আ.)-এর একটি বাণী উদ্ধৃত করে আয়াতুল্লাহ খাতামি বলেন, যে পাথর ছুঁড়ে, তার জবাব পাথর দিয়েই দিতে হয়।
তিনি আরও বলেন, বিশ্বের মহান নেতারা এবং ইমাম খোমেনি (র.) জোর দিয়ে বলেছেন যে, এই ক্যানসারাস টিউমারকে অবশ্যই ধ্বংস করতে হবে। অন্ততপক্ষে, ইসলামিক দেশগুলো এই রক্তপিপাসু ও জল্লাদ রাষ্ট্রের সঙ্গে সব ধরনের রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে পারে।
আয়াতুল্লাহ খাতামি 'থামুদ' নামক একটি আন্তর্জাতিক নৌবহরের প্রশংসা করেন, যেখানে ৪৪টি দেশের ৭০টিরও বেশি জাহাজ এবং শত শত আন্তর্জাতিক মানবাধিকার কর্মী অংশ নিয়েছিলেন। তিনি বলেন, এটি সীমান্ত, ধর্ম ও মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে ঐক্যের এক শক্তিশালী দৃষ্টান্ত।
লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, হিজবুল্লাহকে নিরস্ত্র করা ইসলামিক বিশ্বের জন্য অত্যন্ত বিপজ্জনক। হিজবুল্লাহ হলো মুসলিম জাতির শক্তিশালী বাহু, আর এই সক্ষমতা ইসরায়েলের মোকাবিলায় ব্যবহার করা উচিত।
