‘গাজার ১০ শতাংশ মানুষ আহত বা নিহত’

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান হেরজি হালেভি জানিয়েছেন, গাজায় চলমান হামলায় অন্তত ১০ শতাংশ মানুষ আহত বা নিহত হয়েছেন। 

তিনি এই মন্তব্য করেছেন গত সপ্তাহে দক্ষিণ ইসরায়েলে অনুষ্ঠিত এক কমিউনিটি সভায়।

হালেভি ২০২৩ সালের অক্টোবরে গাজার সংঘর্ষ শুরুর পর মার্চ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ছিলেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ কিছু উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে মতবিরোধের কারণে তিনি মার্চে পদত্যাগ করেন। সভায় হালেভি বলেন, গাজার মোট ২২ লাখ মানুষের মধ্যে দুই লাখের বেশি আহত বা নিহত হয়েছেন।

দ্য গার্ডিয়ান শুক্রবার এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হালেভির এই তথ্য গুরুত্বপূর্ণ, কারণ এটি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত হতাহতের সংখ্যা প্রায় মিলিয়ে গেছে।

ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে হামাসের সঙ্গে সংযুক্ত হিসেবে দেখিয়ে তাদের দেওয়া হতাহতের সংখ্যা স্বীকার করতে চায় না। তবে আন্তর্জাতিক সংস্থাগুলো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকে বিশ্বাসযোগ্য মনে করছে।

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১ লাখ ৬৩ হাজারের বেশি আহত। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষসহ প্রকৃত সংখ্যাটি আরও বেশি হতে পারে। শুক্রবারও গাজায় ৪০ জন নিহত হয়েছেন।

নিহতের ক্ষেত্রে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যোদ্ধা ও সাধারণ নাগরিক আলাদা করে তথ্য প্রকাশ করে না। তবে ফাঁস হওয়া ইসরায়েলি গোয়েন্দা তথ্য অনুযায়ী, নিহতদের ৮০ শতাংশ বেসামরিক নাগরিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত