বিসিসিআই নির্বাচনে লড়াই করবেন সৌরভ-হরভজন?

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ এএম

ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঘিরে শুরু হয়েছে জোর গুঞ্জন। আগামী ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য এই সভায় উপস্থিত থাকবেন সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং। ধারণা করা হচ্ছে, তারা দুজনেই নির্বাচন করতে পারেন।

বর্তমান সভাপতি রজার বিনি বয়সসীমা ৭০ পেরিয়ে যাওয়ায় মেয়াদ শেষের আগেই তাকে বিদায় নিতে হয়েছে। অন্যদিকে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমলও মেয়াদসীমা পূর্ণ করায় ‘কুলিং অফ পিরিয়ড’-এ যাচ্ছেন। ফলে বিসিসিআইয়ের শীর্ষ দুই পদই এখন ফাঁকা।

সৌরভ গাঙ্গুলী ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতি ছিলেন। তবে ২০২২ সালে হঠাৎ করেই বোর্ডের একাংশের বিরোধিতার মুখে তাকে পদ ছাড়তে হয়। এবার তিনি কলকাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর প্রতিনিধি হিসেবে এজিএম-এ অংশ নেবেন।

সাবেক বিসিসিআই সচিব জয় শাহ আইসিসির সভাপতি হওয়ায় গুঞ্জন উঠেছে যে গাঙ্গুলী নতুন করে সভাপতি হতে পারেন। তিন বছর ধরে বোর্ডের বাইরে থাকায় সেটিকে ‘কুলিং অফ পিরিয়ড’ ধরা হলে তিনি আবারও ছয় বছর কাজ করার যোগ্যতা অর্জন করেছেন।

তবে তাকে জিততে হলে পশ্চিম ও দক্ষিণ ভারতের বোর্ড সদস্যদের সমর্থন জোগাড় করতে হবে। বিশেষ করে বিরাট কোহলির অধিনায়কত্ব পরিবর্তন ইস্যু এবং বিসিসিআইয়ের স্পনসর ড্রিম১১-এর প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড প্রচারের অভিযোগ তার বিরুদ্ধে থাকলেও, বর্তমানে এসব বিতর্ক মিইয়ে গেছে।

অন্যদিকে, হরভজন সিং প্রথমবারের মতো প্রশাসনিক দায়িত্ব নিতে চেয়ে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে এজিএম-এ যোগ দেবেন। ২০০১ সালে সৌরভের অধিনায়কত্বেই ভারত দলে নিয়মিত সুযোগ পেয়েছিলেন হরভজন। এখন সেই শিষ্যই হয়তো গুরুর প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, হরভজন বিসিসিআইয়ের সহ-সভাপতির মতো কোনো পদেও আগ্রহী হতে পারেন।

আগামী ২০ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত তা প্রত্যাহার করা যাবে। বার্ষিক সাধারণ সভায় প্রথমে অনানুষ্ঠানিক আলোচনা হবে এবং পরে সর্বসম্মতিক্রমে পদ নির্ধারণের পর আনুষ্ঠানিক নির্বাচন সম্পন্ন হবে। তাই গাঙ্গুলী যদি সভাপতি পদে ফেরার সিদ্ধান্ত নেন, তবে গুরুর বিপরীতে শিষ্যর লড়াই দেখার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত