আমার কাছে মা-ই রানি, তাকে তার পছন্দের বাড়ি কিনে দিয়েছি: ইয়ামাল

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম

মায়ের প্রতি স্পেন ও বার্সেলোনার উদীয়মান ফুটবল তারকা লামিনে ইয়ামালের ভালোবাসার কথা কারও অজানা নয়। ছেলেকে ফুটবলার বানাতে ইয়ামালের মা-বাবা কী পরিশ্রমটাই না করেছেন। এখন ছেলে ফুটবলার হয়েছে, পেয়েছে তারকাখ্যাতি। তাই মাকে ভালো রাখার সবরকম চেষ্টাই করে যাচ্ছেন ১৮ বছর বয়সী বার্সা তারকা।

সম্প্রতি এক আবেগঘন সাক্ষাৎকারে নিজের পারিবারিক শিকড়, বেড়ে ওঠা এবং বিশেষ করে মায়ের প্রতি অসীম ভালোবাসার কথা জানিয়েছেন ইয়ামাল। মরক্কো বংশোদ্ভূত বাবা ও গিনি বংশোদ্ভূত মায়ের সন্তান ইয়ামাল বলেন, ‘আমার কাছে মা-ই রানি। আমি ওনাকে ওনার পছন্দমতো একটি বাড়ি কিনে দিয়েছি। তিনি সবকিছুর যোগ্য।’

ইয়ামালের বাবা ও মায়ের পরিচয় হয়েছিল স্পেনের কাতালুনিয়ার মাতারো শহরে। তার দাদী মরক্কো থেকে প্রথমে স্পেনে পাড়ি জমান এবং পরবর্তীতে তার বাবাকে নিয়ে বার্সেলোনায় যান। অন্যদিকে ইয়ামালের মা শেইলা এবানা গিনি থেকে নিজের মায়ের সঙ্গে স্পেনে আসেন।

আর্থিক টানাপোড়েনের কারণে ইয়ামালের শৈশব কেটেছে চরম দারিদ্র্যতায়। ইয়ামাল বলেন, ‘মা আমাকে সময় দিতে পারতেন না কাজের জন্য, কিন্তু রাতের খাবার সবসময় বানিয়ে দিতেন। আমি স্কুল থেকে এসে ট্রেনিং করতাম, আর রাতে মা যখন ফিরতেন, তখন দেখা হতো।’

বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে কৈশোর কাটানো ইয়ামাল আরও বলেন, ‘মা একসময় আমাকে একটি প্লে স্টেশন-৪ কিনে দিয়েছিলেন, যা আমার কাছে পৃথিবীর সবকিছু ছিল। এখন আমার কাছে প্লে স্টেশন-৫ আছে, কিন্তু সেই পুরোনো ৪-ই সবসময় লিভিংরুমে থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত