এক ম্যাচ হেরেই আশা ছাড়া যাবে না, আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি: জাকের আলি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ এএম

এশিয়া কাপে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে হারের পর গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও শুধু যথেষ্ট নয়, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের দিকেও। তারপরও আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

ম্যাচ শেষে জাকের আলী বলেন, "আশা ছাড়ার কোন প্রশ্নই আসে না। আমরা জেতার জন্য খেলব। একই মানসিকতা থাকবে। এই ম্যাচেও আমরা জেতার মানসিকতা নিয়ে এসেছিলাম, হয়নি। পরের ম্যাচেও জেতার মানসিকতা নিয়েই নামব। আমরা তো টুর্নামেন্ট স্রেফ ম্যাচ খেলার জন্য আসিনি, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। এক ম্যাচ হারাতে এটা আশা হারিয়ে ফেলা যাবে না।”

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারেই দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ ইমনকে হারায় বাংলাদেশ—যা টি-টোয়েন্টি ইতিহাসে বিরল ঘটনা। ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে একসময় মনে হচ্ছিল দল ১০০ রানের গণ্ডিও পেরোতে পারবে না। তবে ষষ্ঠ উইকেটে জাকের আলী ও শামীম হোসেন পাটোয়ারির অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটিতে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে লড়াকু ১৩৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। জাকের খেলেন ৩৪ বলে ৪১ রান, শামীম অপরাজিত থাকেন ৩৪ বলে ৪২ রানে।

তবে ইনিংসের শেষ দিকে বড় শট খেলতে না পারার কারণ হিসেবে বাতাসের দোষ দিলেন জাকের। তিনি বলেন, "এই জিনিসটা মাথায় রাখতে হয়। দুই পাশে মারা যায় না। একপাশে গ্রাউন্ডে বেশি খেলতে হয়, আরেকপাশে তখন মারতে পারবেন যেই সাইডে বাতাসের হেল্প। এই জিনিসগুলো মাথায় রেখেই খেলতে হয়।”

বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে তিনি আরও যোগ করেন, "ওপেনিং আর তিন নম্বর ব্যাটিং পজিশন আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের এসব বিষয়ে সতর্ক হতে হবে। পাওয়ারপ্লেতে খেলা মানে এই নয় যে, প্রতিটি বলেই চার বা ছক্কা মারতে হবে। ‘ড্রপ অ্যান্ড রান’ ধরনের ছোট ছোট রান নেওয়ার বিষয়গুলোও মাথায় রাখতে হবে। আমি নিশ্চিত, ওরা এসব নিয়ে ভাববে এবং পরের ম্যাচে ভালো কিছু করবে।”

লিটন দাসও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিকে ‘বাঁচা-মরার লড়াই’ আখ্যা দিয়েছেন। টপ অর্ডারের ব্যর্থতা নিয়ে কথা বলতে গিয়ে জাকের বলেন, "আসলে ভালো শুরু হলে এই জিনিসগুলোও এত রিস্কি মনে হতো না। যেহেতু হাতে উইকেট ছিল না, আপনি এত রিস্ক নিতে পারবেন না একটা ভালো সংগ্রহের জন্য।”

এখন দেখার বিষয়, প্রতিকূল সমীকরণ সামলে বাংলাদেশ জায়গা করে নিতে পারে পরের রাউন্ডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত