পাকিস্তানের চেয়ে ভারত-আফগনিস্তান ম্যাচ বেশি উত্তেজনাকর: সৌরভ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০০ পিএম

ক্রিকেট দুনিয়ার সবচেয়ে উত্তেজনাকার এবং আকর্ষণীয় দ্বৈরথ ছিল ভারত-পাকিস্তান। তবে এখন আর সেই দিন নেই। পাকিস্তান এখন চিরপ্রতিদ্বন্দ্বিদের সামনে দাঁড়াতেই পারে না। চলতি এশিয়া কাপের ম্যাচই তার সাম্প্রতিক প্রমাণ। ভারতের সাবেক অধিনায়ক তথা সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী মনে করেন, ভারত-পাকিস্তানের চেয়ে ভারত-আফগানিস্তান ম্যাচ বেশি উত্তেজনাকর।

কলকাতায় এক অনুষ্ঠানে গাঙ্গুলী বলেন, ‘পাকিস্তান (ভারতের সঙ্গে) মানানসই নয়। এটা সম্মান দিয়েই বলছি। কারণ, তাদের দল কেমন ছিল, সেটা আমি দেখেছি। দলে ভালো মানের খেলোয়াড়ের অভাব আছে। কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই...এর চেয়ে আমি বরং অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা কিংবা আফগানিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ দেখব।’

শুধু তাই নয়, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ফেলে সৌরভ নাকি দেখেছেন ম্যানচেস্টার ডার্বি, ‘যা দেখেছি, তাতে আমি আসলে বিস্মিত হইনি। প্রথম ১৫ ওভার দেখার পর আর দেখিনি। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ম্যাচ দেখেছি। আমি মনে করি না, ভারত-পাকিস্তান ম্যাচ আর প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। আমরা এটা নিয়ে আওয়াজ তুলি, কিন্তু গত পাঁচ বছরে প্রতিবারই হতাশ হতে হয়েছে। এটা একপেশে ম্যাচ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত