ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পিএম

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থা আরও সুশৃঙ্খল করতে সরকারি হাসপাতালগুলোকে নতুন কিছু নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় দেশের সব হাসপাতালকে অবিলম্বে ডেঙ্গু চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড ও বিশেষ চিকিৎসা টিম গঠন করতে বলা হয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে রোগী সেবার উন্নতি, ঝুঁকি কমানো এবং চিকিৎসার মান বৃদ্ধি পাবে বলে মনে করছে অধিদপ্তর।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এনএস-১ পরীক্ষা, জরুরি চিকিৎসা ও পর্যাপ্ত ঔষধের ব্যবস্থা করতে হবে। রোগীদের আলাদা ওয়ার্ড বা কক্ষে রাখতে হবে এবং প্রয়োজনে অগ্রাধিকার ভিত্তিতে আইসিইউ সুবিধা দিতে হবে। এ ছাড়া চিকিৎসক ও নার্সদের জন্য বিশেষ দায়িত্ব বণ্টন করা হয়েছে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগীদের চিকিৎসায় মেডিসিন, শিশু ও অন্যান্য বিশেষজ্ঞদের নিয়ে একটি বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই বোর্ডের তত্ত্বাবধানে গঠিত বিশেষ চিকিৎসক দল শুধুমাত্র এসব রোগীর চিকিৎসা দেবেন। বহির্বিভাগে আসা সন্দেহভাজন রোগীদেরও আলাদা কক্ষে একই দল চিকিৎসা সেবা দেবেন।

হাসপাতালের চারপাশে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য হাসপাতাল পরিচালককে সিটি কর্পোরেশন বা পৌরসভাকে আনুষ্ঠানিক চিঠি দিতে বলা হয়েছে। প্রতি শনিবার সকাল ১০টায় হাসপাতালে পরিচালক, তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের সভাপতিত্বে ডেঙ্গু সমন্বয় সভা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এমন নির্দেশনা শুধু চিকিৎসার মানই বাড়াবে না, রোগী ও তার পরিবারের ঝুঁকিও কমাবে। চিকিৎসা প্রক্রিয়া সুশৃঙ্খল ও সমন্বিত হলে রোগী মৃত্যুর হারও কমে আসতে পারে।

বাংলাদেশে প্রতি বর্ষায় ডেঙ্গু একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বর্ষায় ইতোমধ্যে রাজধানীসহ বিভিন্ন শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতে এখন রোগীর চাপ কম থাকলেও সঠিক চিকিৎসা ও সতর্কতা না নিলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত