৫২ ম্যাচ কম খেলেও বাংলাদেশের চেয়ে বেশি জয় আফগানিস্তানের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে লিটন দাস টস করার সাথে সাথে দারুণ এক মাইলফলক ছুঁয়ে ফেলবে বাংলাদেশ। আজকের ম্যাচটি হতে যাচ্ছে টাইগারদের ২০০তম টি-টোয়েন্টি ম্যাচ। ২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। ১৯ বছর পর আজ হতে যাচ্ছে ডাবল সেঞ্চুরি।

১৯৯টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাংলাদেশ জিতেছে ৭৯ ম্যাচ, হেরেছে ১১৫ ম্যাচ। বাকি ৬টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। আজ টি-টোয়েন্টিতে ৮০তম জয়ের সামনে বাংলাদেশ। তবে কাজটা মোটেও সহজ নয়। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আফগানিস্তান। গ্রুপ পর্বে একটিমাত্র জয় পাওয়া বাংলাদেশ আজ হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। উঠতে হবে দেশে ফেরার বিমানে।

২০২১ সালের জুলাইয়ে সেই জিম্বাবুয়ের বিপক্ষেই শততম টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। প্রথম ১০০ টি-টোয়েন্টি খেলতে টাইগারদের লেগেছিল প্রায় ১৫ বছর। হারারেতে অনুষ্ঠিত সেই ম্যাচে ৮ উইকেটের জয়ে বাংলাদেশের নায়ক ছিলেন সৌম্য সরকার। ব্যাট হাতে ফিফটির পর বল হাতে ১ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। সেই সৌম্য এখন দলের বাইরে।

বাংলাদেশের আগে আরও আটটি দেশ ২০০ টি-টোয়েন্টি খেলার মাইলফলক পেরিয়ে গেছে। সেই দলগুলো হলো- এর আগে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। সবচেয়ে বেশি ২৭৪ টি-টোয়েন্টি খেলা পাকিস্তান জিতেছে ১৫৬টি ম্যাচ। অন্যদিকে ২৪৯ টি-টোয়েন্টি খেলা ভারত সর্বোচ্চ ১৬৬টি ম্যাচে জয় পেয়েছে। আফগানিস্তান ১৪৭ ম্যাচে জিতেছে ৯০টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত