ট্র্যাকের রাজা বোল্ট এখন সিঁড়ি ভাঙতেই হাঁপিয়ে ওঠেন!

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

আটবারের অলিম্পিক স্বর্ণজয়ী এবং সর্বকালের অন্যতম সেরা দৌড়বিদ উসেইন বোল্ট জানিয়েছেন, অবসর জীবনে তিনি আর আগের মতো ফিট নন। ৩৯ বছর বয়সী এই জ্যামাইকান কিংবদন্তি স্বীকার করেছেন, সিঁড়ি বেয়ে উঠলেই এখন তিনি হাঁপিয়ে যান। ২০১৭ সালে অবসরে যাওয়া বোল্ট এখন আর প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নেন না।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বোল্ট বলেন, ‘না, আমি এখন আর দৌড়াই না। মূলত জিমেই অনুশীলন করি। তবে সেটাও খুব একটা আগ্রহ নিয়ে করি না। কিন্তু এতদিন পর বুঝছি আবার কিছুটা দৌড় শুরু করতে হবে। কারণ সিঁড়ি বেয়ে উঠলেই হাঁপিয়ে যাই! আমি যখন আবার নিয়মিতভাবে অনুশীলন শুরু করব, তখন হয়তো ট্র্যাকে কয়েক রাউন্ড দৌড়াতে হবে, যাতে দম ঠিক থাকে।’

বর্তমান জীবনযাপন সম্পর্কে বোল্ট বলেন, ‘আমি সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুলে পাঠাই। যদি কোনো কাজ না থাকে, তাহলে ঘরে বসেই সময় কাটাই। কখনো মন চাইলে ব্যায়াম করি, নাহলে সিরিজ দেখি। বিকেলে বাচ্চারা ফিরলে ওদের সঙ্গে সময় কাটাই। ওরা বিরক্ত করলে সরে যাই, তারপর আবার সিনেমা দেখি। এখন লেগো ব্লক নিয়ে খেলতেও ভালো লাগে।’

বর্তমান প্রজন্মের দৌড়বিদরা কেন বোল্টের সময়ের মতো পারফরম্যান্স দেখাতে পারছেন না—এমন প্রশ্নে জ্যামাইকান কিংবদন্তির ভাষ্য, ‘সত্যি বলতে, আমাদের প্রজন্মে অনেক প্রতিভা ছিল। এখনকার নতুন প্রযুক্তি, নতুন স্পাইক জুতা—এসব আসলে পারফরম্যান্সে পার্থক্য গড়ে দেয় না। মেয়েদের দিকে তাকালেই বোঝা যায়, তারা তো উন্নতি করছে। তাই ব্যাপারটা পুরোপুরি প্রতিভার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত